‘অপেক্ষা’ করতে বললেন সিইসি
সরকার ও বিরোধী দলের অনড় অবস্থানের মধ্যে শেষ পর্যন্ত কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা জানতে অপেক্ষা করার পরামর্শ দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরে কমিশনে কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আপনারা ওয়েট করেন। সময় হলেই দেখতে পাবেন কোন অবস্থায় নির্বাচন হবে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলুপ্তির ফলে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন হবে বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে।
ওই পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি শুরু থেকেই আন্দোলন চালিয়ে আসছে। অন্যদিকে সরকার বলে আসছে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয়ের কোনো কারণ নেই।
সংঘাত এড়িয়ে এ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর বিভিন্ন মহল থেকে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতাকে নিয়ে সংলাপ আয়োজনের প্রস্তাব এসেছে বিভিন্ন মহল থেকে।
সরকার ও বিরোধী দলের নেতারাও বিভিন্নভাবে সংলাপের কথা বলেছেন, তবে তার সঙ্গে যুক্ত হয়েছে শর্ত।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কোন পদ্ধতিতে হবে- সে সিদ্ধান্ত সংসদেই হবে।
“কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা রাজনীতিবিদরা সংসদে বসে ঠিক করবেন। সে অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনের জন্য আমরা প্রস্তত আছি।”
জানুয়ারিতে নির্বাচন হচ্ছে কি না জানতে চাইলে সিইসি বলেন, “আইন মোতাবেক নির্বাচন হবে। সংবিধানে নির্বাচনের সময়সীমা বলা রয়েছে। ওই সময়ের মধ্যে উনিশ-বিশ করে নির্বাচন করা হয়। এ নির্বাচনও সেভাবে হবে।”
আসন সীমানা নির্ধারণের কাজ শেষ করে শিগগিরই খসড়া প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
ভোটার ৯ কোটি ২১ লাখ
সিইসি জানান, বর্তমানে সারা দেশের ভোটার সংখ্যা ৯ কোটি ২১লাখ ২৯ হাজার ৮৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার কোটি ৬২ লাখ ১ হাজার ৮৭১ ও নারী ভোটার চার কোটি ৫৯ লাখ ২৭ হাজার ৯৮১ জন।
গত বছর ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে ১৫ ডিসেম্বর তা শেষ হয়। ২ জানুয়ারি প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তির আবেদন গ্রহণ করা হয় ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে সিইসি জানান, এবার হালনাগাদে ৮ দশমিক ১ শতাংশ ভোটার বেড়েছে।
কাজী রকিব বলেন, “গণতান্ত্রিক ধারা হলো নির্বাচন। এর জন্য ভোটার তালিকা হালনাগাদ করা গুরুত্বপূর্ণ। তারই আলোকে নির্বাচন কমিশন তিন বছরের ভোটার তালিকা হালনাগাদের কাজ একসঙ্গে সম্পন্ন করেছে।”
বছরের যে কোনো সময়ে যোগ্যরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, আবু হাফিজ, মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক, উপসচিব সিরাজুল ইসলাম ও যুগ্ন সচিব জেসমিন টুলি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
