২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো নির্বাচন হতে দেয়া হবে না: তরিকুল

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

বিরোধী দলকে বাইরে রেখে জাতীয় নির্বাচনের যে কোনো চেষ্টা রুখে দেয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা তরিকুল ইসলাম।

দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার বিকালে নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে বিএনপির এক সভায় তিনি এই হুঁশিয়ারি দেন।

রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা বলেন, “কেউ নির্বাচনে আসলো কি আসলো না, তা বড় কথা নয়।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল বলেন, “প্রধানমন্ত্রীকে বলব, ক্ষমতায় থাকলে সবাই এভাবেই কথা বলে। অতীতে সব স্বৈরাচাররা এরকম কথাই বলে এসেছে।”

প্রধানমন্ত্রীর বক্তব্যে একতরফা নির্বাচনের ইঙ্গিত স্পষ্ট হয়েছে দাবি করে তিনি বলেন, “সরকার পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, জনগণ না আসলে দেশে নির্বাচন হবে না। আমরা তা হতেও হবে না।”

সংবিধানের পঞ্চদশ সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় নির্বাচিত সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে।

তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

Image
তরিকুল ইসলাম

তরিকুল ইসলাম

তরিকুল বলেন,  “বর্তমান সরকার ন্যূনতম গণতান্ত্রিক রীতিনীতি মানতে নারাজ। স্বৈরাচারী কায়দায় তারা বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একে পর এক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটকে রেখেছে।

“গত চার বছরে ২০ হাজারের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আড়াই হাজারের অধিক নেতা-কর্মী এখন কারাগারে বন্দি জীবন কাটাচ্ছে।”

“সরকারকে বলব, দেশকে আর নৈরাজ্যের দিকে ঠেলে দেবেন না। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন,” বলেন তিনি।

নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তরিকুল বলেন, “সরকার যদি জনপ্রিয় হয়ে থাকে, দেশের জন্য ভালো কাজ করে থাকে; তা হলে কেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে তাদের এত ভয়।”

সংসদের শীতকালীন অধিবেশনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দেয়া ভাষণ সম্পর্কে বিএনপি নেতা বলেন, “এটি রাষ্ট্রপতির নয়, আওয়ামী লীগ সরকারের ভাষণ।”

“সর্বোচ্চ পদে আসীন হয়ে গতকাল যেভাবে বিরোধী দলকে আক্রমণ করে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি, তা কোনোভাবেই শোভন হয়নি। আমরা মনে করি, ওই পদে থেকে এভাবে বক্তব্য রাখা সঠিক নয়,” প্রতিক্রিয়া জানান তিনি।

সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে বিএনপির ওই যৌথসভায় তরিকুল বলেন, আগামীতে আরো কঠোর কর্মসূচির মাধ্যমে সরকার হটানোর চলমান আন্দোলন জোরদার করা হবে।

মঙ্গলবার রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশের নেতা-কর্মীদের মুক্তি দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হবে।

ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা প্রমুখ।