‘কেউ নির্বাচনে এল কি না, তা বিষয় নয়’
নির্দলীয় সরকার পদ্ধতির দাবি না মানলে বিরোধী দলের নির্বাচন বর্জনের হুমকির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো জন্য অপেক্ষা না করে যথাসময়ে নির্বাচন হবে।
রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি একথা বলেন বলে এতে অংশ নেয়া এক সংসদ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরুর পর আওয়ামী লীগের সংসদীয় দল বৈঠকে বসে। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
ওই সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়েই হবে। কেউ নির্বাচনে আসলো কী আসলো না, সেটা বড় বিষয় নয়।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন হবে।
তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি সংবিধানে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছে বিএনপি।
নির্বাচন নিয়ে দুই প্রধান দলের মুখোমুখি অবস্থানে বিভিন্ন দেশের কূটনীতিকরা সংলাপের পরামর্শ দিয়ে আসছেন।
নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতদের বিভিন্ন মন্তব্য প্রসঙ্গে শেখ হাসিনা সংসদীয় দলের বৈঠকে বলেন, “আমেরিকার নির্বাচনের আগে তো বারাক ওবামা পদত্যাগ করেননি। তিনি তো রাষ্ট্রপতির পদে থেকে নির্বাচন করেছেন।
“কই, তখন তো কেউ কিছু বলতে আসে না,” বলেন আওয়ামী লীগ সভাপতি।
বৈঠকে আমির হোসেন আমু, তোফায়েল আহমদ এবং সুরঞ্জিত সেনগুপ্তসহ ২২ জন সংসদ সদস্য বক্তব্য রাখেন।
পুলিশের ওপর জামায়াতে ইসলামীর কর্মীদের হামলার প্রসঙ্গ তুলে তোফায়েল বলেন, “হামলার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সব সদস্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, তাদের সম্পর্কে খোঁজ-খবর নিতে হবে।”
আন্দোলনরত বিরোধী দলকে মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল না হয়ে রাজনৈতিকভাবেই মোকাবেলার পরামর্শ দেন প্রবীণ এই নেতা।
আরেক প্রবীণ নেতা আমির হোসেন আমু সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর জোর দেন। রাজপথে থাকার পরামর্শ দেন সুরঞ্জিত সেনগুপ্তও।
বৈঠকে শেখ হাসিনা বিরোধী দলের রাজনৈতিক কর্সূচি রাজপথেই মোকাবেলার ওপর জোর দেন বলে ওই সংসদ সদস্য জানান।
তিনি আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে দলকে আরো শক্তিশালী করতে বলেছেন আওয়ামী লীগ প্রধান।
শেখ হাসিনা দলের সংসদ সদস্যদের বলেছেন, নির্বাচনের আগে আর নতুন করে কোনো দাবি উত্থাপন করা যাবে না। সরকার যে কাজ করেছে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে।
অন্যান্য বৈঠকের মতো রোববারের বৈঠকেও শেখ হাসিনা বলেছেন, তৃণমূলের মতামতের ভিত্তিতেই আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে।
