২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের শঙ্কা ভিত্তিহীন: শাজাহান

দেশের চলমান রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের মন্তব্যকে নাকচ করে দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

মাদারীপুর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 09:15 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

রোববার মাদারীপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “আমি মনে করি না সেনাবাহিনীর সেই মানসিকতা আছে।

“আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক। মুক্তিযুদ্ধেও তাদের যথেষ্ট অবদান ছিল। এই সেনাবাহিনী বঙ্গবন্ধুর হাতে গড়া।আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে।’

তাছাড়া রাষ্ট্র পরিচালনায় হস্তক্ষেপ না করে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং বিদেশিদের হাত থেকে দেশকে রক্ষার কাজেই সেনাবাহিনী বেশি মনযোগ দিচ্ছে বলে মন্তব্য করেন শাজাহান।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্যের প্রেক্ষাপটে শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের এরশাদ বলেন, “বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া নির্বাচনে যাবে না। আর আওয়ামী লীগ সেটি চাচ্ছে না।

Image
কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সমাবেশে নৌমন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। ছবি: আসাদুজ্জামান প্রামানিক /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ২৪, ২০১১

কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সমাবেশে নৌমন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। ছবি: আসাদুজ্জামান প্রামানিক /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ২৪, ২০১১

 

“এমন পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে না এলে হয়ত নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচনে নির্বাচিত সরকার কতদিন ক্ষমতায় থাকতে পারবে, তা নিয়েও সংশয় আছে। ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতিও হতে পারে।”

এ ব্যাপারে শাহজাহান খান বলেন, “বর্তমানে দেশে গণতন্ত্র বিরাজ করছে। এ সময় প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে তারা নিজেদের কবর নিজেরাই খুঁড়বে।”

যদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী বলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তখন  তারা যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে।বাংলার মানুষ এ বিচার দেখতে চায়। সুতরাং তাদের পক্ষ নিয়েও তারা জনগণের সমর্থন পাবে এটা আশা করার কোনো কারণ নেই।

সকালে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধণ করেন স্থানীয় এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর-উর-রহমান, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।