Published : 26 Jan 2013, 01:30 PM
শুক্রবার রাত ১০টার দিকে ফার্মগেট এলাকা থেকে মো. জুয়েল ও মো. রানাকে আটক করা হয় বলে জানান শেরে বাংলা থানার এসআই আব্দুল জলিল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটকদেরক আদালতে পাঠানো হয়েছে।

এদিকে সাইফুল নিখোঁজের চারদিন পরও তার সন্ধান না মেলায় সড়ক অবরোধসহ ক্যাম্পাসে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার ইবিতে এক সংবাদ সম্মেলনে সাইফুলের সন্ধান চেয়ে পুলিশকে আরো ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বঙ্গবন্ধু হলের নেতাকর্মীরা। সোমবারের মধ্যে তাকে না পেলে পরদিন সকাল-সন্ধ্যা হরতালেরও ঘোষণা দেন তারা।
শনিবার ওই হলের ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে।
পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিনের আশ্বাসে অবরোধ তুলে নেন।
ইবি প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাইফুলকে উদ্ধারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তারা সর্বাত্মক চেষ্টা করছেন।
গত সোমবার রাতে সাংগঠনিক কাজে ক্যাম্পাস থেকে ঢাকায় আসার পরের দিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের কারওয়ান বাজার কার্যালয়ে গিয়ে দেখা করেন সাইফুল।
সেখান থেকে বাণিজ্যমেলা ও ধানমণ্ডি এলাকা ঘুরে ফার্মগেটে যাওয়ার পর রাত ১০টা থেকে সাইফুলের খোঁজ নেই বলে জানান তার বড় ভাই সাদ আলী।