২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপযুক্ত সময়ে কঠোর কর্মসূচি: মওদুদ

বর্তমান সরকারের বিরুদ্ধে ‘উপযুক্ত’ সময়ে ‘কঠোর’ কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 09:26 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “ভোটের অধিকার রক্ষার চলমান আন্দোলনে জনগণের বিজয় আসবেই। ভাষা আন্দোলন থেকে শুরু করে অতীতে সব আন্দোলনে জনগণ সফল হয়েছে। আমরা মনে করি, নির্দলীয় সরকার পদ্ধতি পূনর্বহালের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। এই আন্দোলনেও তারা (জনগন) বিজয়ী হবে।”

“আন্দোলনে নানা স্তর রয়েছে। উপযুক্ত সময়ে আন্দোলনের উপযুক্ত কর্মসূচি দেয়া হবে। সেই কর্মসূচি হবে কঠোর।”

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল গঠনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালনের অংশ হিসাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে মওদুদ বলেন, “বর্তমান সরকারের শাসনামল বাকশালের চেয়েও নিকৃষ্ট। ওই সময় বাকশাল আইন করে তারা দেশে একদলীয় শাসন চালিয়েছিল। আর এখন যে শাসন চলছে, তার কোনো সংজ্ঞা নেই।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, তার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা ‘মামলায়’ কারাগারে বন্দি করে রাখা হয়েছে। উচ্চতর আদালত থেকে জামিন পেলেও তাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে হয়রানি করা হচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে তাদের কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রেখেছে পুলিশ।

“এ থেকে বোঝা যায়, দেশে গণতন্ত্র নেই; আইনের শাসন নেই।”

সরকার বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন ব্যারিস্টার মওদুদ।

তিনি বলেন, “আমরা যারা আইন পেশার সঙ্গে আছি, প্রতিদিন আদালত যাই, তারা দেখতে পাই, সরকারের হস্তক্ষেপের কারণে উচ্চ আদালতের বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। নিম্ন আদালতগুলোতে আরও কঠিন অবস্থা।”

এভাবে সরকার দেশকে ‘অনিবার্য সংঘাতের দিকে’ ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এ সাংসদ।

“তারা দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। সরকার ভেবেছে বিরোধী দলের নেতা-কর্মীদের কারাগারে রেখে আন্দোলন স্তব্ধ করে রাখা যাবে। এটা তাদের দিবা স্বপ্ন।’’

পঁচাত্তরের বাকশাল গঠনের প্রসঙ্গ টেনে মওদুদ বলেন, “১৯৭২ সালের সংবিধান ছিলো একটি ভালো ও গণতান্ত্রিক সংবিধান। জাতিসংঘের সদনের আলোকে ওই সংবিধান প্রনয়ন করা হয়েছিল। কিন্তু এক বছরের মাথায় আওয়ামী লীগ তাদের রচিত সংবিধান খণ্ড-বিখণ্ড করে একনায়কতন্ত্র কায়েমের জন্য দেশে স্বৈরাচারের জন্ম দিয়েছিল”

বাংলাদেশ যতোদিন থাকবে, ২৫ জানুয়ারি একটি ‘কলঙ্কিত দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

রাশিয়া থেকে অস্ত্র কেনার চুক্তি করায় সরকারের সমালোচনা করে সাবেক মন্ত্রী মওদুদ বলেন, “আমরা বার বার বলছি, এই চুক্তি সংসদে উপস্থাপন করুন। চুক্তির সব কিছু জনসম্মুখে প্রকাশ করুন। আপনারা কি শর্তে অস্ত্র কিনছেন, তা জনগণের জানার অধিকার আছে।”

বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাংবাদিক আমীরুল ইসলাম কাগজী বক্তব্য দেন।

জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের উদ্যোগে আয়োজিত আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন,  ‘আগের পথ’ অনুসরণ করে বর্তমান সরকারও দেশে একদলীয় শাসন চালাচ্ছে।

সংগঠনের সভাপতি আবুল কাশেম হায়দারের সভাপতিত্বে অন্যেদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশিদুল হাসান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালনক খুরশীদ আলী মোল্লা, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য দেন।