ফখরুলের জামিন নাকচ, রিমান্ডও নয়
অবরোধে গাড়ি ভাংচুরের অভিযোগে কলাবাগান থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন ও পুলিশের রিমান্ডের আবেদন নাকচ করে তাকে কারাগারেই রাখতে বলেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মো. সাইফুর রহমান বৃহস্পতিবার এই আদেশ দেন। শুনানির জন্য ফখরুলকে সকালেই আদালতে হাজির করা হয়।
পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু। এর বিরোধিতা করে মির্জা ফখরুলের জামিন চান ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।
রিমান্ড আবেদনে বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের দিন গাড়ি না বের করতে মির্জা ফখরুল ইসলাম জনসাধারণের প্রতি আহ্বান জানান।
“তিনিই সহিংস কর্মকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন। তাই এসব ঘটনার সঙ্গে কারা জড়িত ছিলেন তা বের করার জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।”
রিমান্ড আবেদনের বিরোধিতায় আসামিপক্ষের আইনজীবীরা বলেন, এ মামলার এজাহারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম নেই। তাই এতোদিন পরে এসব মামলায় ফখরুল ইসলাম আলমগীরকে বারবার হেফাজতে নেয়ার আবেদনের কোনো যৌক্তিকতা নেই।
গত ৯ ডিসেম্বর অবরোধের দিন পুলিশের কাজে বাধা, হামলা, হত্যা চেষ্টা ও গাড়িভাঙচুরের অভিযোগে কলাবাগান থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১৬ জানুয়ারি মির্জা ফখরুলকে ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন করে পুলিশ।
ওই দিন বিস্ফোরক আইনে পল্টন থানার আরেক মামলায়ও ফখরুলকে ১০দিনের হেফাজকে চাওয়া হয়। আগামী ২৭ জানুয়ারি মহানগর হাকিম রেজাউল ইসলামের আদালতে পল্টন থানার মামলায় হেফাজতের আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে।
এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে গ্রেপ্তার করা হয়। ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান এই বিএনপি নেতা।
হাইকোর্ট ২ জানুয়ারি তাকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে নতুন করে মতিঝিল ও সূত্রাপুর থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
১৫ জানুয়ারি গাড়ি ভাঙচুরের অভিযোগে সূত্রাপুর থানার মামলায় জামিন পান ফখরুল। মতিঝিলের মামলায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ হয়ে গেলেও পরে হাই কোর্ট থেকে ছয় মাসের জামিন পান তিনি।
এর আগে হরতালে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে মাস খানেক ছিলেন ফখরুল। পরে তিনি জামিনে ছাড়া পান।
