আমানসহ বিএনপির ৯ নেতা-কর্মীর জামিন
বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৯ বিএনপি নেতা-কর্মীর জামিন মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
দোহার থানার দ্রুত বিচার আইনের এই মামলায় বৃহস্পতিবার আসামিরা ঢাকার জ্যেষ্ঠ মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থণা করেন।
শুনানি শেষে হাকিম নাজমুল হক শ্যামল আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়া অপর আট আসামি হলেন, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কফিল উদ্দিন, জামাল উদ্দিন সরকার, আমজাদ হোসেন, আয়ুব আলী ওরফে কুটি মিয়া, আব্বাস উদ্দিন এবং শাহজাহান ব্যাপারী।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় সাভার থানাধীন আমিন বাজারে ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবহন চলাচলে বাধাদান, যানবাহন ভাংচুর ও জনমনে ত্রাস সৃষ্টির অভিযোগে এই ন’জনসহ ৫১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে পুলিশ।
এ মামলায় গত ১৩ ডিসেম্বর আমানসহ ৯ আসামি হাই কোর্টে আত্মসমর্পণ করলে তাদের এক মাসের জামিন মঞ্জুর করা হয়।
হাই কোর্টের জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
