বাম দলের হরতালে পুলিশের আচরণে বিএনপির নিন্দা
বামপন্থী কয়েকটি দলের শান্তিপূর্ণ হরতালে নেতাকর্মীদের ওপর পুলিশের মরিচের গুঁড়ো ছিটানো ও লাঠিপেটার নিন্দা জানিয়েছে বিএনপি।
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ কয়েকটি দাবিতে বুধবার সারা দেশে আধাবেলা হরতাল পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা।
হরতালের পর দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলগুলো আজ সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করে। শান্তিপূর্ণভাবে হরতাল করে তারা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।”
“কিন্তু দেখা গেলো, সরকারের লেলিয়ে দেয়া পুলিশ রাজধানীতে বামসংগঠনের নেতা-কর্মীদের ওপর মরিচের গুঁড়ো ছিটিয়েছে ও লাঠিচার্জ করেছে। বিএনপি ও ১৮ দলীয় জোটের পক্ষ থেকে আমরা পুলিশের এহেন কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি।”
বামপন্থী দলগুলোর এই হরতালে সমর্থন জানিয়েছিল বিএনপি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটও গত ৬ জানুয়ারি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিংয়ে সরকারের ‘দমননীতির’ কঠোর সমালোচনা করেন তরিকুল ইসলাম।
“আমরা বাম দলগুলোকে বলতে চাই, এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার। তারা জনগণের দাবি কখনোই পূরণ করবে না। তাই এদের বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্র করা ছাড়া কোনো গত্যন্তর নেই,” বলেন এক সময়ের এই বাম নেতা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সঙ্গে আন্দোলনে যোগ দিতে বামপন্থী দলগুলোর প্রতি আহ্বান জানান তরিকুল ইসলাম।
তিনি বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি। বাম সংগঠনগুলোকেও বলব, আসুন এই গণদাবি পূরণে সরকারকে বাধ্য করতে আমরা আন্দোলন করি।”
