২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে আ.লীগের কাউন্সিলে সংঘর্ষ, আহত ২০

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 05:24 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

এ সময় উভয় পক্ষ অনুষ্ঠানের প্যান্ডেল ও চেয়ার ভাংচুর করে।

বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন মঙ্গলবার বিকেলে স্থানীয় একডালা স্কুল মাঠে শুরু হয়। এ সময় অনুষ্ঠানে পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম শুকুর, সাধারণ সম্পাদক ও পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নয়েজ মাহমুদ ও জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক জামিলুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

অধিবেশনের এক পর্যায়ে সভাপতি পদপ্রার্থী মজির উদ্দিন ও টিপু সুলতানের পক্ষ নিয়ে দুই সাধারণ সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম ও আবুল হাশেম আলাদা আলাদা ভাবে হাত তুলে সংখ্যা গণনা শুরু করলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে সভাপতি পদপ্রার্থী মজির উদ্দিন, সুমন, বাবুল, সাজদার, শাহজাহান, রবিউল, আব্দুল কুদ্দুস ও নিজামসহ স্থানীয় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী আহত হন।

আহতদের বাগাতিপাড়া ও নাটোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সভাপতি পদপ্রার্থী মজির উদ্দিন ও টিপু সুলতান এই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত বাগাতিপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) আরিফুল ইসলাম সন্ধা ৬টায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।