চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ কর্মীকে পেটাল শিবির
চট্টগ্রাম সরকারি কলেজে মহানগর ছাত্রলীগের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
আহত তারেক আজিজ (২৩) ওই কলেজের রসায়ন চতুর্থ বর্ষের ছাত্র। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জানান, তারেক রোববার বেলা ১টার দিকে কলেজ ক্যাম্পাসে সংগঠনের প্রচার চালাতে গেলে শিবির কর্মীরা লাঠি ও হকিস্টিক দিয়ে তাকে বেদম পিটুনি দেয়।
পরে কলেজের শিক্ষকরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত তারেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এসআই উৎপল বড়ুয়া বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
চট্টগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসগুলোতে দীর্ঘদিন ধরেই ছাত্রশিবিরের ‘দখল’ বজায় রয়েছে। এর আগেও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলার শিকার হয়েছেন।
