২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তত্ত্বাবধায়কের দাবি না মানলে নৈরাজ্য হবে’

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার তাদের দাবি পূরণ না করলে দেশে নৈরাজ্য হবে।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের মানববন্ধনে তিনি বলেন, “নির্দলীয় সরকারের গণদাবি মেনে নিয়ে সরকারকেই সংবিধান সংশোধন করতে হবে। নইলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে।

আর সেক্ষেত্রে এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক’ হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।

এর প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। জনগণের এই দাবি মেনে নিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনের অধিকারী এই সরকারকেই সংবিধানে সংশোধনী এনে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।”

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে বর্তমান সরকার। ওই ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে বিরোধী দল অন্দোলন চালিয়ে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি।

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এই মানববন্ধনে জাতীয়তাবাদী মহিলা দলের কয়েকশ’ নেতা-কর্মী সারিবদ্ধভাবে নারী নির্যাতনের প্রতিবাদ জানায়।

খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, “সরকারের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর ফলে নারীরাই সবচেয়ে হুমকি ও নির্যাতনের শিকার হচ্ছেন।”

“বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ও নারী নির্যাতনের ঘটনায় বার বার উদ্বেগ প্রকাশ করছে। অথচ সরকারের টনক নড়ছে না।”

নির্দলীয় সরকারের দাবিতে মঙ্গলবারের মানবপ্রাচীর কর্মসূচি সফল করার জন্য মহিলা দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ।

মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা বিলকিস জাহান শিরিন, ফরিদা ইয়াসমীন, রেহানা আখতার রানু, রাশেদা বেগম হীরা, হালিমা আলীম, তাসনিম আরা হক বক্তব্য দেন।