মঙ্গলবার রাজশাহীতে জামায়াতের হরতাল
সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় আধাবেলা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
ফাইল ছবি
রাজশাহী মহানগর জামায়াতের আমীর আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাগের আট জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা এ হরতাল পালন করা হবে।
রোববার সন্ধ্যায় খুলনা থেকে গ্রেপ্তার হন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মজিবুরের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনেছে পুলিশ।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে গত ৩ ডিসেম্বর যে মামলা হয়, তাতেও আসামি করা হয়েছে মজিবুরকে।
গত ২৮ নভেম্বর নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে।”
তার ওই বক্তব্যের জেরে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। পল্টন থানার ওসিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মজিবুর রহমানের আগে গত কয়েক সপ্তাহে মিয়া গোলাম পরওয়ার, তাসনীম আলম, আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বেশ কয়েকজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
