২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীকে এক টেবিলে চান এরশাদ

সংঘাত এড়াতে দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতীয় পর্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 08:08 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

পাঁচ দিনের সফরে রংপুরে এসে শনিবার সন্ধ্যায় পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, জনগণ আর ওয়ান ইলেভেন চায় না। তা এড়াতে উভয় পক্ষকে আলোচনায় বসতে হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর ভাষণ সম্পর্কে এরশাদ বলেন, তিনি ভাষণে শুধু সরকারের ভালো দিকগুলো বর্ণনা করেছেন। সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরেননি। সরকার চার বছরে যে সফলতা অর্জন করেছে তা হল-মার্ক, শেয়ারবাজার, রেল আর পদ্মা সেতু কেলেঙ্কারির মত দুর্নীতির কাছে ম্লান হয়ে গেছে।

এরশাদ বলেন, দেশের ২৫ শতাংশ ভোটার এখন জাতীয় পার্টির। যে কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল এককভাবে অংশ নেবে।

নির্বাচনে জাতীয় পার্টি বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এরশাদ।

এ সময় আগামী সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) ও রংপুর-৩ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এই সাবেক রাষ্ট্রপতি।

মত বিনিময় সভায় অন্যদের বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন কাদেরী প্রমুখ।