২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় পার্টি বেরিয়ে আসলে মহাজোট থাকবে না’

জাতীয় পার্টি বেরিয়ে আসলে মহাজোটের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 04:06 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার বিকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় জাতীয় পার্টি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আগামী জাতীয় নির্বাচনে তার দল এককভাবে অংশ নেবে বলেও জানান এরশাদ।

তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আরো বলেন, নীলফামারী জেলার ৪টি আসনই জাতীয় পার্টির থাকবে। আসনগুলোতে কাউকে ছাড় দেয়া হবে না।

সাবেক এই রাষ্ট্রপতি বিকালে একটি বেসরকারি বিমান সংস্থার ফ্লাইটে সৈয়দপুর পৌঁছেন। এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শওকত চৌধুরী, জাপা নেতা জয়নাল আবেদীন, শ্রমিক নেতা বজলার রহমানসহ অন্যান্যরা।

পরে এরশাদ সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। সন্ধ্যার পর তিনি রংপুরের উদ্দেশে সৈয়দপুর ত্যাগ করেন।