২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আবার ক্ষমতা চাইলে নিরপেক্ষ নির্বাচন দিন’

আবারো ক্ষমতায় আসতে চাইলে আওয়ামী লীগকে নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি নেতা তরিকুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শনিবার রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, প্রধানমন্ত্রী গতকাল জাতির উদ্দেশে দেয়া ভাষণে সরকারের ধারাবাহিকতা চেয়েছেন। জনগণের কাছে আবার রাষ্ট্র পরিচালনার সুযোগ চেয়েছেন।

সরকারের চার বছরপূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণে লক্ষ্য অর্জনে ধারাবাহিকতা নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই, সরকারের ধারাবাহিকতা চাইলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন।

“আপনারা এতো কাজ করে থাকলে, এতো উন্নয়ন করে থাকলে, এতো জনপ্রিয় হলে নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই।”

সরকার নিরপেক্ষ নির্বাচন না দিলে আন্দোলনের মাধ্যমে এর ফয়সালা করা হবে বলেও হুঁশিয়ার করে দেন তরিকুল।

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) আয়োজনে ‘বর্তমান রাজনৈতিক সংকট ও নির্দলীয় সরকার ব্যবস্থা’ শীর্ষক এই জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিভাগের চেয়ারম্যান ও ইউট্যাবের সহসভাপতি অধ্যাপক আ ন ম মুনীর আহমেদ চৌধুরী।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউট্যাবের সহসভাপতি ও সরকারি কর্ম কমিশনের সাবেক সদস্য অধ্যাপক আশরাফুল ইসলাম চৌধুরী।

ওই ভাষণে প্রধানমন্ত্রী তার সরকারের চার বছরে উন্নয়নের যে চিত্র তুলে ধরেছেন তাকে ‘মিথ্যাচার’ আখ্যায়িত করে বিএনপি নেতা তরিকুল বলেন, “প্রধানমন্ত্রী এখন নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন।”

শেখ হাসিনা তার ভাষণে বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার পরও বাংলাদেশের অর্থনীতি দৃঢ় অবস্থানে রয়েছে। সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচক ইতিবাচক ধারায় এগোচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে।

“বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল”, বলেন প্রধানমন্ত্রী।

জনমত উপেক্ষা করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতেই সরকার সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনেছে বলে অভিযোগ করেন তরিকুল।

সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দারের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুস্তাহিদুর রহমান বক্তব্য রাখেন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষক, পেশাজীবী ও সহযোগী সংগঠনগুলোর নেতারাও বক্তব্য রাখেন।