তেলের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল আসছে বামপন্থীদের
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পর এবার হরতাল ডাকছে বামপন্থী দলগুলো।
জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে গত মাসে হরতাল ডেকেছিল সিপিবি, বাসদ ও বাম মোর্চা। একমাসের ব্যবধানে ১৬ জানুয়ারি আবার হরতাল ডাকতে যাচ্ছে তারা।
গত ৩ জানুয়ারি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ সাত টাকা করে বাড়ায়। বর্ধিত মূল্য কমানোর দাবিতে মঙ্গলবার রাত পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয় বামপন্থী দলগুলো।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বালানি তেলের বর্ধিত মূল্য না কমালে হরতালের কর্মসূচি দেয়া হবে বলে আমরা আগেই ঘোষণা করেছিলাম। আমরা বলেছিলাম, মঙ্গলবারের মধ্যে তেলের দাম না কমালে হরতাল ডাকা হবে।
“মঙ্গলবার আমাদের দেয়া আল্টিমেটামের শেষ দিন। যদি সরকার এই সময়ের মধ্যে তেলের দাম না কমায়, তাহলে বুধবারের ধরনা কর্মসূচি থেকে ১৬ জানুয়ারি সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।”
সিপিবি ও বাসদ যৌথ বৈঠকে এই হরতাল কর্মসূচি ঘোষণার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান রুহিন হোসেন।
সিপিবি-বাসদ জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার সকালে বিইআরসির সামনে ধরনা কর্মসূচি পালন করবে।
অন্যদিকে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকাল ১১টায় পল্টনে বাম মোর্চার কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৬ জানুয়ারি আধা বেলা হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।”
বর্তমান সরকার আমলে পঞ্চম দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৭ টাকা এবং অকটেন ও পেট্টোলের দাম লিটার প্রতি ৫ টাকা বেড়েছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত ৬ জানুয়ারি দিনব্যাপী হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
