২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিক হত্যা: বিএনপির বিক্ষোভ বিকালে

সুমন মাহমুদ সুমন মাহমুদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 07:15 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

মহানগর নেতা রফিকুল ইসলাম মজুমদার খুন হওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

মঙ্গলবার বিকাল ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ হবে। রোববার দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

গত শনিবার রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আদাবাড়ি-মনোহরপুর এলাকায় হাতকড়া লাগানো অবস্থায় রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল শুক্রবার ঝিনাইদহের শৈলকূপার আনন্দনগর গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে যান।

সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রফিকের জানাজার পর তরিকুল ইসলাম অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পেছনে সরকারের হাত রয়েছে।

তিনি বলেন, “সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সঙ্গে র‌্যাব-পুলিশ শতভাগ জড়িত বলে আমরা মনে করি।”

এর আগে মহানগর নেতা ও রমনার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি।

জানাজার পর রাতে রফিককে তার গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তির চণ্ডীপুরে দাফন করা হয়।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপি সোমবার থেকে তিনদিনে শোক পালনের কর্মসূচি পালন করছে। ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

রফিকের স্মরণে বুধবার বাদ আসর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল হবে বলে জানান মহানগর সদস্য সচিব আবদুস সালাম।