তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ হবে: বিএনপি
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার কর্মসূচি ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার কর্মসূচি ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই দলের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি নেতারা রোববার হরতালের ইঙ্গিত দিলেও এই বিষয়ে সরাসরি কিছু না বলে জানিয়েছেন, শুক্রবার তারা কর্মসূচি ঘোষণা করবেন।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পূর্ব সিদ্ধান্ত, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলে পরদিন সকাল-সন্ধ্যা হরতাল দেয়া হবে।
বৈঠকের পর রাত সাড়ে ১২টায় বিএনপি নেতারা সাংবাদিকদের জানান, শুক্রবার সকালে নয়া পল্টনে ১৮ দলীয় জোটের মহাসচিবরা বৈঠক করবেন। এরপর সকাল ১১টায় সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হবে।
বর্তমান সরকার আমলে পঞ্চম দফায় বৃহস্পতিবার কেরোসিন ও ডিজেল প্রতি লিটার ৭ টাকা করে এবং পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “এর মধ্যদিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরো কঠিন করে তোলা হয়েছে। সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই এখন তাদের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে।”
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “আমরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাব।”
হরতালের কর্মসূচি ঠিক হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “হতেও পারে, আপনারা তা কালই জানতে পারবেন।”
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সহসভাপতি সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানও ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার হরতালের কর্মসূচি ঠিক হয়েছে।
গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোট নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়, তেলের দাম বাড়ানোর পরদিনই হরতাল ডাকা হবে।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার হরতাল ডাকা হচ্ছে বলে বিএনপির ওই নেতারা জানান।
বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফের আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর পরিপ্রেক্ষিতে করণীয় নিয়েও আলোচনা হবে বলে জানান দলটির নেতারা।
