গাবতলীর পথসভায় খালেদা জিয়া
এই কর্মসূচিতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি। শান্তিপূর্ণ হলে ‘স্বাগত’ জানালেও সংঘাত হলে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে গণসংযোগের অংশ হিসাবে গাবতলীতে প্রথম পথসভাস্থলে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বেলা সোয়া ১১টার দিকে বিরোধী দলীয় নেতা গাবতলীর হানিফ পরিবহন বাস ডিপো (পুরনো বিউটি সিনেমা হল) প্রাঙ্গণের মঞ্চে পৌঁছালে নেতা-কর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।
হালকা ঘিয়ে রঙের শাড়ির ওপর শাল পরিহিত খালেদা জিয়া হাত নেড়ে তাদের অভিনন্দনের জবাব দেন।
এই পথসভাকে কেন্দ্র করে গাবতলী থেকে কল্যাণপুর পর্যন্ত এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যভস্থা করেছে পুলিশ ও র্যািব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মহানগর সদস্য আবদুস সালামসহ কেন্দ্রীয় নেতারা গণসংযোগে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন।
গণমিছিল-সমাবেশে থাকলেও এই ধরনের কর্মসূচিতে দীর্ঘদিন দেখা যায়নি বিএনপি চেয়ারপারসনকে। দেশের বিভিন্ন স্থানে এই দাবিতে জনসভা ও ঢাকায় গণমিছিলের পর বুধবার সরাসরি রাজপথে নেমে এলেন তিনি।
গণসংযোগের অংশ হিসেবে গাবতলী ছাড়াও আরো চারটি স্থানে পথসভা করবেন খালেদা জিয়া; যার শেষ হবে বাড্ডায়।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে গণসংযোগের পর নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে জনতার ঢল নামবে। এজন্য নগরবাসী সাময়িক অসুবিধায় পড়তে পারেন। সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর মঙ্গলবার বলেছেন, কর্মসূচি শান্তিপূর্ণ হলে সরকার স্বাগত জানাবে। তবে নৈরাজ্য হলে তা-ও প্রতিরোধ করবে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত জানিয়ে তরিকুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি- সরকার নিরপেক্ষ নির্বাচনের দাবি মেনে নিতে বাধ্য হবে। কারণ এক সময়ে আমরাও নির্দলীয় সরকারের দাবি মানতে চাইনি। আজ আওয়ামী লীগও একই কথা বলছে। এরশাদও সারাজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু জনগনের আন্দোলনে দাবি মানতে বাধ্য হয়েছে।”
সংবিধানের পঞ্চদশ সংশোধনের পর এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। সরকার এ পদ্ধতিতে নির্বাচন করতে অনড় থাকলেও বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনকালীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।
ভারপ্রাপ্ত মহাসচিবের অনুপস্থিতে দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে আসা তরিকুল মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের মুক্তিও দাবি করেন।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের একটি মামলায় গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।
তরিকুল জানান, গাবতলীর পর খালেদা জিয়া পর্যায়ক্রমে কারওয়ান বাজারের কাঁচাবাজারে প্রগতি টাওয়ারের সামনে, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এবং সবুজবাগের বাসাবো বালুর মাঠে পথসভা করবেন । সর্বশেষ পথসভাটি হবে বিকাল ৫টায় বাড্ডার ভাটারা মাঠে।
আর ১৮ দলীয় জোট নেতারা গণসংযোগ করবেন সাত বিভাগীয় শহরে। চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সিলেটে এম কে আনোয়ার, রাজশাহীতে নজরুল ইসলাম খান, রংপুরে মাহবুবুর রহমান, খুলনায় আবদুল মঈন খান ও বরিশালে গয়েশ্বর চন্দ্র রায় গনসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেবেন।
মূল দাবি নির্দলীয় সরকার হলেও এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, বিচার বিভাগের দলীয়করণের প্রতিবাদ এবং মির্জা ফখরুলসহ নেতাকর্মীদের মুক্তি ও তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও যোগ করেছে ১৮ দলীয় জোট।
তরিকুল ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এই গণসংযোগ কর্মসূচিতে যোগ দেয়ার আহ্বান জানান এবং ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
৯ ডিসেম্বর ১৮ দলের কর্মসূচিতে ব্যাপক গাড়ি ভাংচুর, বোমা বিস্ফোরণ হয়। সহিংসতায় নিহত হয় অন্তত তিনজন। পরে হরতালেও একই ধরনের সহিংসতা দেখা যায়।
১৮ দলীয় জোট এবং দলীয় কর্মসূচিতে সংঘাতে জামায়াতে ইসলামীর কর্মীদের ইতোপূর্বে বেশ তৎপর দেখা গেছে।
সরকারি দলের নেতারা বলে আসছেন, পরিস্থিতি ঘোলাটে করে যুদ্ধাপরাধে আটক নেতাদের বিচার আটকে দেয়ার অপচেষ্টা চালাচ্ছে জামায়াত।
বিএনপির এই কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের বলেন, “গণতান্ত্রিক অধিকার অনুযায়ী মানুষের অধিকার লঙ্ঘন না করে, মানুষের ওপর অত্যাচার না করে, হাতবোমা বিস্ফোরণ না ঘটিয়ে, গাড়ি-ঘোড়া ভাংচুর না করে পথসভা করলে আমরা সমর্থন না দিলেও স্বাগত জানাব।”
তবে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেন মহীউদ্দীন খান আলমমগীর।
খালেদার গণসংযোগের রুট
গাবতলীতে প্রথম পথসভা শেষে কারওয়ান বাজারের কাঁচাবাজার, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক, সবুজবাগের বালুর মাঠ এবং বাড্ডার ভাটারা মাঠে সভা করবেন খালেদা জিয়া।
এছাড়া পুরান ঢাকার ধোলাইখালে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
গাবতলী থেকে কল্যাণপুর, আগারগাঁও সড়ক ও ফার্মগেইট হয়ে গণসংযোগ করতে করতে কারওয়ান বাজারের কাঁচাবাজারে যাবেন খালেদা জিয়া।
সেখানে পথসভা শেষে এফডিসি সড়ক হয়ে মগবাজার রেলক্রসিং, মগবাজার মোড়, রমনা থানা সড়ক, বেইলি রোড সড়ক, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, হাইকোর্ট হয়ে কার্জন হল সড়ক, নগরভবন, গুলিস্থানে গোলাপ শাহ মাজার সড়ক, নর্থ সাউথ সড়ক, রায়সাবাজার সড়ক হয়ে ধোলাইখালে যাবেন তিনি।
এরপর সেখান থেকে দয়াগঞ্জ সড়ক হয়ে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে পথসভা করবেন বিরোধীদলীয় নেতা। সেখান থেকে সায়েদাবাদ, মানিকনগর, বৌদ্ধ মন্দির হয়ে সবুজবাগের বাসাবো বালুর মাঠে চতুর্থ পথসভা করবেন তিনি।
খালেদা জিয়া এরপর বাসাবো হয়ে খিলগাঁও ফ্লাইওভারের নিচ দিয়ে মালিবাগ মোড়, মৌচাক, রামপুরা সড়ক দিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস অতিক্রম করে বাড্ডার ভাটারা মাঠে সর্বশেষ পথ সভায় বক্তব্য দেবেন।
খালেদা জিয়ার দিনব্যাপী এই কর্মসূচি ইন্টারনেটে সরাসরি দেখানোর ব্যবস্থা করেছে বিএনপি।www.bnplive.com- এই ঠিকানায় তা সবাই দেখতে পারবেন।
