খালেদার কর্মসূচিতে সরকারের সহযোগিতা চায় বিএনপি
রাজধানীতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি সফল করতে সরকারের সহযোগিতা চেয়েছে বিএনপি।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “আমাদের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। ইতিমধ্যে ৬টি পথসভার অনুমতি পেয়েছি। আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই।”
তিনি জানান, বুধবার রাজধানীতে গণসংযোগ কর্মসূচিতে খালেদা জিয়া গাবতলী, কারওয়ান বাজার, ধোলাইখাল, যাত্রাবাড়ি, সবুজবাগ ও বাড্ডায় পথসভায় বক্তব্য রাখবেন। সকাল ১১ টায় এই গণসংযোগ শুরু হবে।
নিদর্লীয় সরকারের দাবিতে জনমত গড়ার লক্ষ্যে ১৮ দলীয় জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে এই গণসংযোগ করছেন বিএনপি চেয়ারপার্সন।অন্য ৭টি নগরীতে জোটের শীর্ষ নেতারা গণসংযোগ করবেন।
গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করতে জনগণের প্রতি আহ্বান জানান তরিকুল।
তিনি বলেন, “আমরা মানবন্ধনের মতো শান্তিপ্রিয় কর্মসূচি করতে গেলেও পুলিশ বাঁধা দেয়। মানববন্ধন হচ্ছে নিরামিষ কর্মসূচি, এতে কোনো আমিষ নেই। সেই কর্মসূচিতে সরকারের কেনো এতো ভয়- আমরা বুঝতে পারি না। মানববন্ধন কর্মসূচি যদি সরকারের ভাষায় অশান্তির কর্মসূচি হয়, তাহলে শান্তিপ্রিয় কর্মসূচির সংজ্ঞা কি।”
গণসংযোগ কর্মসূচির শেষে জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে তিনি জানান।
১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম। বৈঠকে গণসংযোগ কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাদের, মহানগর নেতা শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির মহানসচিব হামদুল্লাহ আল মেহেদি, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, জাগপা‘র মহাসচিব খন্দকার লুৎফুর রহমান, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মহিউদ্দিন একরাম উপস্থিত ছিলেন।
