২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হীরক রাজার শাসন চলছে’

“আমরা এমন গণতন্ত্র ভোগ করছি, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুধাবন করা যায় না,” মন্তব্য বিএনপি নেতা তরিকুল ইসলামের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 12:40 PM

বর্তমান সরকারের শাসনামলকে সত্যজিৎ রায়ের কল্পনার ‘হীরক রাজা’র শাসনের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

বর্তমান সরকারের গণতন্ত্র ‘পকেটস্থ’ করেছে অভিযোগ করে রোববার বিকালে এক সমাবেশে তিনি এই তুলনা করেন।

তরিকুল বলেন, “তাদের আমলে আমরা এমন গণতন্ত্র ভোগ করছি, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুধাবন করা যায় না। দেখে মনে হচ্ছে- আমরা এখন হীরক রাজার দেশে বসবাস করছি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার হটাতে আগামী ২৬ ডিসেম্বর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গণসংযোগ কর্মসূচি সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

“এখন সময় এসেছে, ফ্যাসিস্ট এই হীরক রাজাকে গদিচ্যুত করতে দড়ি দিয়ে এক টান মারতে হবে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে সরকারের ‘অপশাসনের’ প্রতিবাদ এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন তরিকুল।

বিএনপি নেতা বলেন, “চার বছরে ইলিয়াস আলীসহ ১৫৬ জন মানুষ গুম করা হয়েছে। গুমের মিছিল, মানুষের লাশের সংখ্যা বাড়ছে। দেশটা আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে।”

পুঁজিবাজার, পদ্মা সেতু প্রকল্প, বেসরকারি ব্যাংক অনুমোদনের ক্ষেত্রে ‘লুটপাট’ চলছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান সরকারের আমলে ১৭ জন সাংবাদিক খুন হয়েছে দাবি করে তাদের বিচার না হওয়ার বিষয়টি তুলে ধরেন তরিকুল।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করে তিনি বলেন, “গত ৩০ বছরের ইতিহাসে এমন নজির নেই যে একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান সরকার তাই করল।”

ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, ফজলুল হক মিলন, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাফরুল হাসান, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

১৮ দলীয় জোট নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, হামিদুর রহমান আযাদ, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব গোলাম আকবর প্রমুখ।