২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিভাগে জামায়াতের হরতালে ভাংচুর-বোমাবাজি

বিক্ষিপ্ত গাড়ি ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সিলেট ও রাজশাহী বিভাগে জামায়াতে ইসলামীর অর্ধদিবস হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

বিক্ষিপ্ত গাড়ি ভাংচুর, হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সিলেট ও রাজশাহী বিভাগে জামায়াতে ইসলামীর অর্ধদিবস হরতাল পালিত হয়েছে ঢিলেঢালাভাবে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, প্রচার সম্পাদক তাসনিম আলমহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বুধবার সিলেট ও রাঝশাহী বিভাগে সকাল ৬টা থেকে দুপুর ২টা এ হরতাল করে দলটি। হরতাল চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এ দুই বিভাগে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ২১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় তিন পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জে চার, সিলেটে একজন, রাজশাহীতে ১২ জন, চাঁপাইনবাবগঞ্জে তিন জন এবং বগুড়ায় একজনকে গ্রেপ্তার করা হয়। হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীরা বিভিন্ন স্থানে অন্তত নয়টি গাড়ি ভাংচুর ও একটি ট্রাকে আগুন দেয় বলে। গত ১২ ডিসেম্বর ঢাকার ধানমণ্ডি থেকে শফিকুর রহমান এবং সোমবার ঢাকার উত্তরা থেকে তাসনিম আলমকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শফিকুরকে হরতালে ভাংচুরের মামলায় এবং তাসনিমকে রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের প্রতিবাদেই বুধবার সিলেট ও রাজশাহী বিভাগে অর্ধদিবস হরতালের ডাক দেয় জামায়াত। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমিরসহ শীর্ষ ১০ নেতার বিচার চলছে। এই সব নেতার মুক্তির দাবিতে গত নভেম্বরের শুরু থেকে পুলিশের ওপর হামলাসহ সারা দেশে সহিংস কর্মকাণ্ড চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ দাবিতে চলতি মাসের প্রথিম দিকে সারা দেশে একদিন সকাল-সন্ধ্যা হরতালও পালন করেছে জামায়াত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, সকাল পৌনে ৭টার দিকে সিলেট নগরীর ওসমানী মেডিকেল রোড, মিরাবাজার ও চৌকীদেখিতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। এ সময় সিলেট-তামাবিল সড়কের মিরাবাজার সড়কে বাঁশ ফেলে তাতে আগুন ধরায় হরতালকারীরা। সেখানে একটি ট্রাকে ভাংচুরও চালানো হয়। পরে চৌকীদেখি এলাকায় তিন থেকে চারটি গাড়ি ভাংচুর করে পালিয়ে যায় হরতালকারীরা। সকাল সাড়ে ৬টার দিকে ওসমানী মেডিকেল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া। হরতালকারীদের ঢিলের জবাবে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে চলে যাওয়ার পথে শিবির কর্মীরা কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটায়। এছাড়া তেমুখী ও শিবগঞ্জেও হরতালের সমর্থনে মিছিল করে ছাত্রশিবির। তেমুখীতে মিছিল শেষে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও দুপুর পর্যন্ত ভারি যানবাহন চলেনি। দূরপাল্লার কোনো বাস না ছাড়লেও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, সকালে কয়েকটি স্থানে জামায়াত-শিবির কর্মীরা নাশকতার চেষ্টা চালালে পুলিশ তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াত ইসলামীর হরতাল সুনামগঞ্জে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শহরের কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সকাল ১০টার দিকে শহরের ধোপাখালি এলাকায় জামায়াত-শিবিরের কয়েক জন নেতাকর্মী পিকেটিং করার চেষ্টা করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় আহসান (২০) নামে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে দেয় তারা। আহসান দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের নেতা বলে পুলিশ জানায়। হবিগঞ্জ প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামীর ডাকে অর্ধদিবস হরতালে হবিগঞ্জে কোনো সহিংসতা ঘটেনি। তবে সকালে পিকেটিংয়ের প্রস্তুতিকালে জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে পুলিশ আটক করে। সকালে জেলা শহরের বেবিস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে জামায়াত নেতা আমজাদ হোসেন মনিকে আটক করে পুলিশ। পরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে মোস্তাফিজুর রহমান নামে এক শিবির কর্মীকে আটক করা হয়। এছাড়া নবীগঞ্জ বাজার থেকে আশরাফুল ইসলাম ও আব্দুর রহিম নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়। হরতালে হবিগঞ্জ-সিলেট সড়কে ভারি যানবাহন চলাচল না করলেও জেলার ভিতরে যান চলাচল স্বাভাবিক ছিল। রাজশাহী প্রতিনিধি জানান, হরতালের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে পুলিশের গাড়িতে হাতবোমা নিক্ষেপ করে ইসলামী ছাত্রশিবির কর্মীরা। বিস্ফোরণ ও হামলার ঘটনায় তিন পুলিশ সদস্যসহ আহত হন অন্তত সাতজন। বিস্ফোরণ ও হামলার ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহীতে মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতদের নগরীর বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিহার থানার ওসি সানাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হঠাৎ করে একদল যুবক বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকের সামনে জড়ো হয় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেয়। এ সময় প্রায় দেড় শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী সেখানে সমবেত হয়। তারা সড়কে অবরোধ সৃষ্টি করলে পুলিশ বাধা দেয়। জামায়াত-শিবির কর্মীরা তখন পুলিশের ওপর চড়াও হয়। ইট নিক্ষেপের পাশাপাশি শিবিরকর্মীরা প্রায় দশটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি গাড়িতে ককটেল বিস্ফোরিত হলে দুই পুলিশ সদস্য আহত হন। ঢিলের আঘাতে আহত হন আরো এক পুলিশ সদস্য। পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি বলেন, ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম ও আল-আমীন নামের দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে। হরতালের সমর্থনে ছাত্রশিবির কর্মীরা মহানগরীর শালবাগান, ডিঙ্গাডোবা এলাকায়ও মিছিলের চেষ্টা করে। তবে পুলিশ যাওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় শিবিরকর্মীরা। হরতাল চলাকালে রাজশাহী মহানগরীর চার থানা থেকে ১২ জন জামায়াত-শিবির কর্মী আটক হয়েছে বলে পুলিশ কমিশনার এস এম মনির-উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। হরতালের কারণে রাজশাহী থেকে দুপুর পর্যন্ত দূর পাল্লার কোনো বাস ছাড়েনি। তবে রেল চলাচল স্বাভাবিক ছিল। বগুড়া প্রতিনিধি জানান, হরতাল চলাকালে বগুড়ায় পুলিশের সঙ্গে সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন আহত হয় বলে দাবি করেছে জামায়াত ইসলামী। পুলিশ সদরের জামায়াত আমীর অধ্যাপক রফিকুল আলমকে গ্রেপ্তার করেছে। বগুড়া পুলিশের সিনিয়র সহকারী সুপার (সার্কেল এ) মো. মকবুল হোসেন জানান, সকাল ১১টায় শহর তলীর দিঘলকান্দী এলাকায় জামায়াত কর্মীরা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন লাগিয়ে দেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে হরতালকারীরা পুলিশের ওপর ঢিল ছোড়ে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল সাড়ে ১১টায় শহরের ছিলিমপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে একটি ট্রাকে আগুন দেয় হরতালকারীরা। এছাড়া সাবগ্রাম এলাকায় বগুড়া-রংপুর দ্বিতীয় বাইপাস সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এদিকে সকালে জামায়া কর্মীরা শাজাহানপুর ও মাটিডালী এলাকায় চারটি অটোরিকশা ভাংচুর করে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, হরতাল চলাকালে পিকেটাররা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক জানান, হরতালে জেলায় মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলায় ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। গাবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন ও পলাশবাড়ী থানার ওসি আব্দুস ছাত্তার জানান, সকালে পিকেটাররা পলাশবাড়ীতে একটি ট্রাক ও গোবিন্দগঞ্জে একটি বাসের গ্লাস ভাংচুর করা হয়। এছাড়া হরতাল চলাকালে কোনো অপ্রিতিকর ঘটনা ঘটেনি।