আ. লীগে মুক্তিযোদ্ধার সংখ্যা জানতে চান ফারুক
ক্ষমতাসীন দলে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধার’ সংখ্যা কত, তার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ।
ক্ষমতাসীন দলে ‘রণাঙ্গনের মুক্তিযোদ্ধার’ সংখ্যা কত তার তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বুধবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান বিরোধী দলীয় নেতার সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের যেতে বারণ করেছেন। তিনি বলেছেন, যারা যাবেন, ভিডিও ফুটেজ দেখে তাদের সদনপত্র বাতিল করে দেয়া হবে। তার এই রকম নির্দেশনা লজ্জাজনক।”
“হুমকি-ধামকি দিয়ে মুক্তিযোদ্ধাদের বাধা দিয়ে রাখতে পারবেন না। দয়া করে আওয়ামী লীগে কতজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা আছেন, তার সংখ্যা প্রকাশ করুন। পরে বিএনপির হিসাব নেবেন।’’
বুধবার দুপুরে মহানগর নাট্যমঞ্চে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানাবেন। অনুষ্ঠানের আয়োজক মুক্তিযোদ্ধা সংবর্ধনা উদযাপন জাতীয় কমিটির আহবায়ক সেক্টার কমান্ডার শাহজাহান ওমর জানিয়েছেন, সংবর্ধনায় সারাদেশ থেকে ১০ হাজারের বেশি মুক্তিযোদ্ধা অংশ নেবেন।
জাতীয় প্রেস ক্লাবের সামনের জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
গত ৯ ডিসেম্বর রাজপথ অবরোধের দিন ঢাকা সিটি করপোরেশনের আবর্জনার পরিবহনের গাড়িতে আগুন লাগানোর অভিযোগ মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ। অবরোধে যানবাহনের অগ্নিকা-ের অভিযোগ দায়ের করা আরও ৩৭টি মামলায় তাকে জড়ানো হয়।
মুক্তিযোদ্ধাদের নিয়ে সরকারের ‘দলীয়করণের’ কঠোর সমালোচনা করে জয়নুল আবদিন ফারুক বলেন, “এর পরিণতি শুভ হবে না। মুক্তিযোদ্ধাদের নিয়ে আপনারা (সরকার) যা করছেন; একদিন আমাদের সময় আসবে।”
পদ্মা সেতুর দুর্নীতি মামলা থেকে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে বাদ দেয়ার সমালোচনা করে তিনি বলেন, “দুর্নীতি দমন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দুই আবুলকে বাদ দিয়ে লোক দেখানো মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের এই কৌশল জনগণ আর বিশ্বাস করে না।”
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের অবিলম্বে মুক্তি দাবিও জানান ফারুক।
সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
