‘ফেব্রুয়ারির মধ্যে সম্প্রচার ও অনলাইন নীতিমালার খসড়া’
আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্প্রচার ও অনলাইন নীতিমালার খসড়া প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্প্রচার ও অনলাইন নীতিমালার খসড়া প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশে টেলিভিশন সাংবাদিকতার সাম্প্রতিক প্রবণতা’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, দেশে গণমাধ্যম পরিচালনার জন্য কোনো সঠিক নীতিমালা নেই। ফলে অনেকে বস্তুনিষ্ঠতাকে দূরে ঠেলে নিজ স্বার্থে সংবাদ পরিবেশন করে থাকে।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিতে গণমাধ্যমকে একটি নীতিমালার আওতায় আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে সম্প্রচার ও টেলিভশন পরিচালনা নীতিমালা, অনলাইন নীতিমালা ও চলচ্চিত্র নীতিমালার খসড়া প্রণয়ন করে সবার মতামতের ভিত্তিতে জুনের মধ্যে তা চূড়ান্ত করা হবে।
“এসব নীতিমালার একটিও গণমাধ্যম সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা না করে, তাদের মতামত না নিয়ে চূড়ান্ত করা হবে না।”
গণমাধ্যমের সাম্প্রতিক প্রবণতাকে ‘নেতিবাচক, বাণিজ্যিক ও হালকা বিনোদনমূলক’ আখ্যায়িত করে ইনু বলেন, “এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
আলোচনায় মূল বক্তব্যে টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া দেশে টেলিভিশন সাংবাদিকতার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
সাংবাদিক শাহ আলমগীর টেলিভিশন সাংবাদিকতাকে অনেকটা ‘মুনাফামুখী’ আখ্যায়িত করে বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানালগুলোতে সংবাদ প্রচারের সময় যেভাবে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, তাতে আমার আশঙ্কা কোনো একদিন সংবাদ পাঠকের পোশাকেও বিজ্ঞাপন জুড়ে দেওয়া হবে।
একটি টেলিভিশন চ্যানেল কতটুকু সময় সংবাদ পরিবেশন করলে, কত সময় ধরে বিজ্ঞাপন প্রচার করতে পারবে সেব্যাপারে একটি নীতিমাল থাকা উচিত বলেও তিনি মনে করেন।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফন সিদ্দিক উপস্থিত ছিলেন।
