২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয় ‘অবরুদ্ধ’, আশপাশে বিস্ফোরণ

বিএনপি কার্যালয়ের পূর্বদিকে পূবালী ব্যাংক ভবনের সামনে গোয়েন্দা পুলিশের একটি ভ্যানকে লক্ষ্ করে ছোড়া ককটেল বিস্ফোরণে এক সাংবাদিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2012, 05:52 AM

Updated : 25 Apr 2022, 10:01 PM

গত কয়েকদিনের মতো হরতালেও সকাল থেকে নয়া পল্টনে বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।

বিএনপি নেতা-কর্মীদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে, ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে অন্তত ১৬টি হাতবোমা বিস্ফোরণ ঘটেছে।

সকাল ৯টার দিকে কার্যালয়ের পূর্বদিকে পূবালী ব্যাংক ভবনের সামনে গোয়েন্দা পুলিশের একটি ভ্যানকে লক্ষ্ করে ছোড়া একটি ককটেল বিস্ফোরণে এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মইনুল আহসান আহত হন।

কার্যালয়ের সামনে থেকে বিক্ষিপ্তভাবে কয়েকজনকে গ্রেপ্তার করা হয় বলেও বিএনপি নেতারা অভিযোগ করেছেন।

রুহুল কবির রিজভী বলেন,  “রাজনৈতিক কার্যালয় অবরুদ্ধ করে রেখে সরকার প্রমাণ করছে,  তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না। সংবিধানের প্রাপ্ত মৌলিক অধিকারকে তোয়াক্কা করে না। আমরা তাদের এহেন নীতির নিন্দা জানাই।”

নয়া পল্টনের কার্যালয়ে সকাল থেকে  বিএনপির  স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী,  সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সারওয়ার, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক,  মহানগর সদস্য সচিব আবদুস সালাম, মহানগর যুগ্ম আহবায়ক আবু সাঈদ খান খোকন,  সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান, হারুন অর রশীদ, নাজিম উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ নেতাসহ অর্ধশত কর্মী অবস্থান করছেন।

নেতা-কর্মীরা অবস্থান করছেন কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে । আর ফটকের বাইরে কয়েক গজ দূরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুলিশ । কার্যালয়ের বিপরীত দিকে রয়েছেন র্যাব সদস্যরা। কার্যালয়ের আশপাশের অলি-গলিতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “সরকার আমাদের শান্তিপূর্ণ হরতালের বিভিন্ন স্থানে বাঁধা দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। এভাবে অবরুদ্ধ করে রেখে আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবে না।”

“সরকারকে বলব, দেশকে সংঘর্ষের দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পূনর্বহাল করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনুন।”

নয়া পল্টনের সড়কে হরতালের মধ্যেও বিক্ষিপ্তভাবে কিছু যান চলাচল করতে দেখা গেছে।