ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবরোধ কর্মসূচি পরিস্থিতি পর্যালোচনা করতে বিএনপির নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
রোববার রাত সাড়ে ৭টায় বিএনপি চেয়াপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজপথ অবরোধ কর্মসূচিতে সারাদেশে ক্ষমতাসীনরা ব্যাপক তাণ্ডব চালিয়েছে। এরপর জনগণ এই কর্মসূচিতে রাস্তায় নেমে এসেছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতেই বিরোধী দলীয় নেতা এই বৈঠক ডেকেছেন।”
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার ভোর ৬টা থেকে সারাদেশে আট ঘণ্টার এই রাজপথ অবরোধের কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
কর্মসূচির শুরু থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও ঢাকার পান্থপথ, গাবতলী, যাত্রাবাড়ী, মিরপুর, পুরান ঢাকা, শাহবাগ, সাভারের আমিনবাজার, গাজীপুর ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।
পান্থপথ, যাত্রাবাড়ীর কাজলা ও সিরাজগঞ্জে হামলার শিকার হয়েছে পুলিশের গাড়ি। শনিরআখড়ায় একটি তেলের লড়িও পুড়িয়ে দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮৪০ ঘ.
bdnews24