ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে রাজধানীতে পুলিশের তিনটিসহ শতাধিক যানবাহন হামলার শিকার হয়েছে। সারা দেশে ২৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার ভোর ৬টা থেকে আট ঘণ্টার এই অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এ সময় ঢাকার গাবতলী, মিরপুর, পান্থপথ, শাহবাগ, যাত্রাবাড়ী, পুরান ঢাকা, সাভারের আমিনবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুর চালানো হয়। রাজধানীর সঙ্গে অন্য বিভাগীয় শহরগুলোর সড়ক যোগাযোগ দুপুর পর্যন্ত কার্যত বন্ধ থাকে।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, অবরোধ চলাকালে ঢাকা মহানগরে ১৬২ জনসহ সারা দেশে ২৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, কেবল রাজধানীতেই পুলিশের তিনটিসহ শতাধিক গাড়িতে ভাংচুর চালায় বিরোধী দলের নেতাকর্মীরা। এর মধ্যে পোস্তগোলায় যমুনা পেট্রোলিয়ামের একটি তেলের ট্যাংকারসহ ১১টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়।
অবরোধকারীদের হামলায় রাজধানীতে অন্তত ১৪ জন পুলিশ সদস্য আহত হন বলে মহানগর পুলিশের সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ জানায়, ভোর ৬টার পর রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের কাছে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পিকেটাররা পুলিশের একটি ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
পৌনে ৮টার দিকে পোস্তাগোলায় একটি এবং যাত্রাবাড়িতে পুলিশের দুটি গাড়িতে ভাংচুর চালায় অবরোধকারীরা। এ সময় পুলিশের দুই কনস্টেবল আঘাত পান।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক গাড়িতে ভাংচুর চালায় বিরোধী দলের নেতাকর্মীরা। এর মধ্যে পোস্তগোলায় যমুনা পেট্রোলিয়ামের একটি তেলের ট্যাংকারসহ ১১টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়।
এসব ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করা হবে বলে মাসুদুর রহমান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/১৬১৪ ঘ.
bdnews24