২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীনতাবিরোধীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে’

একাত্তরে স্বাধীনতাযুদ্ধে সব শ্রেণী-পেশার মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তেমনি স্বাধীনতাবিরোধীদের মোকাবেলায় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে স্বাধীনতাযুদ্ধে সব শ্রেণী-পেশার মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল তেমনি স্বাধীনতাবিরোধীদের মোকাবেলায় ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার শওকত আলী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় শওকত আলী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারী বাংলাদেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে মোকাবেলা ও প্রতিহত করতে বাঙালি জাতির মধ্যে ঐক্য গঠনের লক্ষ্যে সবাইকে একত্রে কাজ করতে হবে।” তিনি বলেন, “১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে দেশের ৯৯ দশমিক ৯৯ শতাংশেরও বেশি মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে দেশের মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তেমনিভাবে স্বাধীনতাবিরোধী শক্তিকে মোকাবেলা করতে ছাত্র, যুবক, কৃষক-শ্রমিক, চাকরীজীবী ও ব্যবসায়ীসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।” মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় যুদ্ধাপরাধীসহ সব অপরাধী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিচার করতে বর্তমান সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সাবেক সাংসদ ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মমতাজ বেগম, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের মহাসচিব শাহজাহান কবির, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সামাদ পিন্টু, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের নেতা আহমদ উল্লাহ রতন, মুক্তিযোদ্ধা হাসান ইমাম, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম প্রমুখ আলোচনায় অংশ নেন। আলোচকরা যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্তকারীদের প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরসহ সব ধর্মভিত্তিক রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে মত দেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএইচ/২১৪৪ ঘ.