২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় তত্ত্বাবধায়ক ইস্যুর সমাধান হবে: আশরাফ

আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার সমস্যার সমাধান হবে বলে আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

রাঙামাটি, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাপ-আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার সমস্যার সমাধান হবে বলে আশা করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। ইতোমধ্যেই আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে আলাপ-আলোচনা চলছে বলে জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আশরাফ। শনিবার রাঙামাটি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন। যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, যত দীর্ঘ ও কঠিন হোক, যুদ্ধাপরাধীদের বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন করে রায় কার্যকর করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম প্রায় শেষ হওয়ার পথে। পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছে। আশা করা যাচ্ছে- ক্ষমতার বাকি সময়ের মধ্যে চুক্তির উল্লেখখযোগ্য অংশ বাস্তবায়ন করা যাবে। চুক্তির কিছু অংশ যদি অবাস্তবায়িত থেকেই যায় তবে আগামীতে ক্ষমতায় এলে অবশ্যই এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে। জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, জেলা সহ-সভাপতি মাহবুবুর রহমান, খাগড়াছড়ি জেলা সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরাসহ বিভিন্ন উপজেলার নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২০২৭ ঘ.