ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজপথে অবরোধ কর্মসূচিতে ‘উস্কানি’ না দেয়ার জন্য সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে বিএনপি।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে শনিবার রাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আমরা শান্তিপূর্ণভাবে সারাদেশে আট ঘন্টা রাজপথে অবস্থান করে অবরোধ কর্মসূচি পালন করব। সরকারের প্রতি অনুরোধ থাকবে, দয়া করে এই কর্মসূচিতে কোনো প্রকার উস্কানি দেবেন না।’’
অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ করতে সরকারের সর্বাত্মক সহযোগিতাও চান তিনি।
নির্দলীয় সরকার পুনর্বহালের দাবিতে রোববার সারাদেশে আট ঘণ্টা রাজপথ অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
গত ২৮ নভেম্বর নয়া পল্টনের জনসভা থেকে জোট নেত্রী খালেদা জিয়া এই কর্মসূচি ঘোষণা করেন।
ভোর ৬টা থেকে ৮ ঘন্টার এই অবরোধ কর্মসূচি দেশের প্রধান প্রধান মহাসড়ক ও সড়কসমূহ অবরোধ করে রাখবে ১৮ দলীয় জোট।
রাজধানীসহ সারাদেশে অবরোধে ব্যাপক প্রস্তুতির কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ভোর ৬টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি হবে। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি হবে। এই অবরোধ কর্মসূচির মাধ্যমে দেশের জনগণ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে ধরবে।
অবরোধ কর্মসূচি প্রতিহত করার ক্ষমতাসীনদের হুমকি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “সব সময় তারা (সরকার) আমাদের কর্মসূচি দিলে সংঘাত সৃষ্টির জন্য এ রকম হুমকি দিয়ে আসছে । এটা নতুন কিছু নয়। আমরা শান্তিপূর্ণভাবে জনগণের দাবি তুলে ধরবো। নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নেবে।’’
অবরোধ কর্মসূচিতে বাধা দিলে কী কর্মসূচি আসতে পারলে জানতে চাইলে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তা সময়মত জানতে পারবেন।’’
গ্রেপ্তার ১৪৫ জন
বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন. শান্তিপূর্ণ রাজপথ অবরোধ কর্মসূচিকে সামনে রেখে ঢাকাসহ সারাদেশে পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। সরকারের এহেন তৎপরতার নিন্দা জানান তিনি।
তিনি জানান, এ পর্যন্ত রাজধানীতে ৯০ জন এবং সারাদেশে ১৪৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রিজভী অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০৫ ঘ.
bdnews24