শেরপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহর থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করলে তাদের জেল হাজতে পাঠানো হয়।
এরা হলেন জামায়াতের জেলা আমির মো. শাহাদাত হোসেন, নালিতাবাড়ি উপজেলা সেক্রেটারি আফসার উদ্দিন, পৌর সেক্রেটারি মাহমুদুল হাসান, নকলা পৌর সেক্রেটারি আমিনুল ইসলাম, নালিতাবাড়ি পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, নালিতাবাড়ি সেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বিল্লাল হোসেন, রাজনগর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো. আমিনুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক মো. নূরল ইসলাম।
সদর থানার ওসি আকরাম হোসেন বলেন, জেলা জামায়াতের আমির বুধবার বিকালে একটি মামলায় জামিন পান। বৃহস্পতিবার তিনি কারাগার থেকে বের হলে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে দেখা করতে আসা অন্য নেতাদেরও গ্রেপ্তার করা হয়।
জামায়াতের চার নেতাকে নাশকাতামূলক কাজের পরিকল্পনার অভিযোগে ৫৪ ধারায় এবং বিএনপির ছয় নেতাকে পুলিশের উপর হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৩ ঘ.
bdnews24