মাদারীপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের কর্মবিরতি বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাতে এক রোগীর মৃত্যুর পর স্বজনরা চিকিৎসকদের মারধর ও কমপ্লেক্সে ভাংচুর চালায়।
এর প্রতিবাদে বুধবার সকাল থেকে সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন।
কালকিনি থানার ওসি শাহিন মণ্ডল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তবে মৃত ওই রোগীর ছেলে এনায়েত হোসেন চৌকিদার বলেছেন, “অবহেলায় তার মা মারা যাওয়ার পর দোষ আড়াল করতে চিকিৎসকরা নিজেরাই ভাংচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৬ ঘ.
bdnews24