২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেড ইউনিয়নের তাগিদ মজিনার

তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে এই শিল্পের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে, বলেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে হলে বাংলাদেশে শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার তাগিদ দিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘পজিশনিং বাংলাদেশ : ব্র্যান্ডিং ফর বিজনেস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বাংলাদেশের দীর্ঘ দিনেসর চাওয়ার বিষয়েং তার দেশের অবস্থান জানান। মজিনা আরো বলেন, জনসংখ্যার দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হিসেবে বাংলাদেশকে এখন ঠিক করতে হবে তারা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হবে কি না। একইসঙ্গে সোনার বাংলা গঠন বা এশিয়ার পরবর্তী টাইগার হওয়ার বিষয়ে এখনি সিদ্ধান্ত নিতে হবে। “এজন্য বাংলাদেশে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। সেক্ষেত্রে তৈরি পোশাক খাতের সুযোগটা বাংলাদেশ নিতে পারে,” বলেন তিনি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানির শুল্কমুক্ত সুবিধা চেয়ে আসছে। এজন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশ ককাসের মাধ্যমেও দেন-দরবার চলছে। অনুষ্ঠানে ‘বর্তমানে বাংলাদেশ কোথায় : ব্র্যান্ডিং কীভাবে সহায়তা করতে পারে’ অধিবেশনে আলোচক ছিলেন মজিনা। তিনি বলেন, চীন হোম টেক্সটাইল থেকে সরে যাচ্ছে, ফলে এ খাতের ক্রেতারা পূর্ব এশিয়া থেকে দক্ষিণ এশিয়ার দিকে আসছে। এই সুযোগ নিতে পারে বাংলাদেশ। এছাড়া পাট খাতেও বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জন্য শ্রম অধিকারকে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, ২৪ নভেম্বর আশুলিয়াতে যে অগ্নিকাণ্ড হয়েছে তাতে বাংলাদেশসহ পুরো বিশ্ব হতভম্ব। এ ঘটনা বাংলাদেশ তৈরি পোশাক কারখানার ওপর বিরূপ প্রভাব ফেলছে। গত ২৪ নভেম্বর সাভারের নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনস নামে একটি গার্মেন্টে অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিক প্রাণ হারান। ওই ঘটনার পর বাংলাদেশের কারখানার কর্মপরিবেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। অধিবেশনটি পরিচালনা করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান। ঢাকা চেম্বার, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং বাংলাদেশ (বিল্ড), ক্যাটালিস্ট, বেসিস যৌথভাবে দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন। বিকালের অধিবেশনে মজিনার পাশাপাশি আলোচক ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, জেনারেশন অ্যালায়েন্সের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড ফকস, এনটিএফআইর প্রোগ্রাম ম্যানেজার লিলিয়া নাস হাসেম। হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি মডেল। তবে অনেক উন্নয়ন হলে সামগ্রিক শান্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এখনও দারিদ্র্য, পরিবেশ, মৌলবাদ, বৈষম্যর বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। এগুলোর সমাধান এখন চ্যালেঞ্জ। বিবি রাসেল বলেন, বাংলাদেশ এগোচ্ছে। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে ব্র্যান্ডিং করতে হবে। লিলিয়া নাস বলেন, ব্র্যান্ডিংয়ের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে ব্যক্তি, ব্যবসায়ীগোষ্ঠী ও নীতিনির্ধারকরা চাইলে তা কাটিয়ে ওঠা সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএল/২০৪০ ঘ.