২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমান সীমানাতেই নির্বাচন চায় আ.লীগ

জাতীয় সংসদের বর্তমান আসন সীমানাতেই দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 10:02 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের বর্তমান আসন সীমানাতেই দশম জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ১০ বছর পর, অর্থাৎ ২০১৮ সালে সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে দলটি। এছাড়া দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনের প্রার্থী হলে ‘দল থেকে বহিষ্কৃত’ গণ্য হবে- এমন বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে অন্তর্ভুক্তিরও সুপারিশ করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে এসব সুপারিশ তুলে ধরেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গত তত্ত্বাধায়ক সরকারের সময় ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে ৩০০ সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৩০টি আসনে ব্যাপক পরিবর্তন আনা হয়। এ প্রসঙ্গ টেনে সাজেদা চৌধুরী বলেন, “দশম সংসদ নির্বাচনের প্রাক্কালে এতো শিগগির সংসদীয় আসন সীমানা পরিবর্তনের প্রয়োজন নেই। নবম সংসদের সীমানা অপরিবর্তিত রেখে ২০১৮ সালে তা পুননির্ধারণ করা হোক।” এ বিষয়ে আওয়ামী লীগের যুক্তি হচ্ছে- দশ বছর পর পর আদম শুমারি প্রতিবেদন হয়। সে অনুযায়ী আসন সীমানা পুনর্নির্ধারণও ১০ বছর পরপর হওয়া উচিৎ। পরিসংখ্যান বুরো চলতি বছর আদম শুমারি প্রতিবেদন প্রকাশ করায় ওই তথ্যের ভিত্তিতে নতুন করে আসন সীমানা পুনর্নির্ধারণের সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি হয়। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মতামত তুলে ধরতে বেলা সোয়া ৩টায় সাজেদা চৌধুরীর নেতৃত্বে কমিশনে উপস্থিত হন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, দপ্তার সম্পাদক আব্দুল মান্নান খানসহ ১২ জন ছিলেন এই প্রতিনিধি দলে। কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন পাঁচ সদস্যের ইসির সঙ্গে ক্ষমতাসীন দলের এটিই ছিল প্রথম বৈঠক। ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা পুননির্ধারণ বিষয়ে এর আগে নিবন্ধিত অন্তত ২৫টি দলের সঙ্গে বসেছে ইসি। মহাজোটের শরিক সাম্যবাদী দল, সিপিবি, ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দল নির্ধারিত আলোচ্যসূচির বাইরে জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে কমিশনের কাছে। কিছু দল নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোটসহ কয়েকটি দল সংলাপে অংশ নেয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসার আগে সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিদের মতামত নেয় ইসি। নিবন্ধিত দলগুলোর সঙ্গে বুধবারই সংলাপের শেষ দিন হওয়ার কথা থাকলেও দুটি দল সময় চাওয়ায় সংলাপের সময় আরো একদিন বাড়তে পারে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/জেকে/১৬৫০ ঘ.