ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত-শিবিরের আন্দোলন এবং এতে বিএনপির ‘নৈতিক’ সমর্থন মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মনে করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
সচিবালয়ে নিজ দপ্তরে বুধবার আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, “জামায়াত-শিবির বা বিএনপি যে পেছন থেকে নৈতিক সহায়তা দিয়ে হরতাল ভাংচুর করছে, এসব করে কোনো অবস্থাতে বিচারকে বাধাগ্রস্ত করা যাবেনা। বিচার অবশ্যই হবে। আদালত (ট্রাইব্যুনাল) দক্ষতা ও সততার সঙ্গে আন্তর্জাতিক মান বজায় রেখে এ বিচার এগিয়ে নিয়ে যাচ্ছে।”
বিচার নিয়ে সরকার দলীয় নেতাদের আগাম মন্তব্যও এতে বিরূপ প্রভাব ফেলবেনা দাবি করে তিনি বলেন, “এ সব মন্তব্য জনগণের আকাঙ্খার প্রতিফলন ও জনগণের প্রত্যাশা। দেশের মানুষ প্রত্যাশা করছেন, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ হোক।”
মানবতাবিরোধী অপরাধের বিচারের অস্বচ্ছতার অভিযোগ প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, “যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চাইছেন, শুধু তারাই এই বিচারের সচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। পৃথিবীর যত দেশে যুদ্ধপরাধীদের বিচার হয়েছে, কোনো দেশে এত সচ্ছতার সঙ্গে বিচার হয়নি। এটা সারা পৃথিবীর জন্য একটি মডেল হয়ে থাকবে।”
দক্ষতার সঙ্গে বিচার প্রক্রিয়া চলছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, “পৃথিবীর যে কোনো এ ধরনের আদালতের চেয়ে আমাদের বিচার বিচার প্রক্রিয়া স্বচ্ছ এবং বিচারকরা দক্ষ। নুরেমবার্গ ট্রায়ালে আইনজীবী এবং বিচারকদের দেশের বাইরে থেকে নেওয়া হয়েছে। অথচ আমাদের দক্ষ নিজস্ব বিচারকদের নিয়েই বিচার প্রক্রিয়া চলছে।”
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৪২ ঘ.
bdnews24