২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর সিটি নির্বাচনের দিন সাধারণ ছুটি

আগামী ২০ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের দিন ওই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 11:32 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২০ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের দিন ওই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ওইদিন ওই এলাকায় কোনো পাবলিক পরীক্ষা থাকলে ওইসব পরীক্ষা কেন্দ্র, পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা এ ছুটির আওতায় পড়বেন না বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে। এছাড়া ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে ওই এলাকার আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণের জন্য আরো ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ১৬ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত তারা ওই এলাকায় দায়িত্ব পালন করবেন। এর আগে গত ২৭ নভেম্বর ওই নির্বাচনী এলাকায় দায়িত্ব পালনের জন্য আরো ১৫ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়া হয়েছিল। ছুটি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণ উপলক্ষে ওইদিন নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সাধারণ ছুটি ভোগ করবেন। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২২ জন নিয়মিত দায়িত্ব পালন করবেন। বাকি আটজন জরুরি প্রয়োজনে এ দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবেন। দায়িত্ব পাওয়া এ কর্মকর্তারা বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী কমিশনার হিসেবে বিভিন্ন জেলায় নিয়োজিত আছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- পঞ্চগড়ের সহকারী কমিশনার মকিমা বেগম ও শাহিন রেজা; লালমনিরহাটের সহকারী কমিশনার শরিফুল ইসলাম, ছানাউল ইসলাম ও এএসএম কাশেম; দিনাজপুরের উজ্জল কুমার ঘোষ, আফরোজা আখতার, মাশফাকুর রহমান ও আব্দুল্লাহ আল জাকির; ঠাকুরগাঁও’র আবু সালেহ মো. মাহফুজুল আলম, জাকির হোসেন ও মুহম্মদ শামীম কিবরিয়া; গাইবান্ধার জাহিদ নেওয়াজ, শাকিলা কাইউম ও এসএইচএম মাগফারুল হাসান; কুড়িগ্রামের কমল কুমার ঘোষ ও সোহেল মারূফ এবং নীলফামারীর সেলিনা বানু ও আহমেদ মাহবুব উল ইসলাম। বগুড়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নজরুল ইসলাম ও শিমুল কুমার সাহা, চাঁপাই-নবাবগঞ্জের রুবায়েত হায়াত শিপলু, জয়পুরহাটের সাদেকুর রহমান, পাবনার আব্দুল হালিম ও আজিজুর রহমান এবং নাটোরের এবিএম রওশন কবীরও এই দায়িত্ব পেয়েছেন। এছাড়া সিরাজগঞ্জের তাড়াশের তোফায়েল হোসেন, পাবনার তাড়াশের জয়নুল আবেদীন, নওগাঁর পতœীতলার মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া এবং নিয়ামতপুরের নজরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। এই চার কর্মকর্তা বর্তমানে ওইসব উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭১৮ ঘ.