ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে রাজধানীতে যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িতে হামলার ঘটনাকে ‘অভূতপূর্ব’ ও ‘দুঃখজনক’ অভিহিত করে এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।
অন্যদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
হরতালের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি গাড়িতে ঢিল ছোড়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
এ সময় গাড়ির গতি কমে এলে তাতে ভাঙচুর ও অগ্নিসংযোগেরও চেষ্টা চালানো হয়।
বিকালে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মো. শাফিকুর রাহমান এক বিবৃতিতে বলেন, “অভূতপূর্ব এই দুঃখজনক ঘটনার ব্যাপারে প্রাথমিক তদন্ত শেষে এর দায় দায়িত্ব আমরা গ্রহণ করছি এবং নিন্দা জানাচ্ছি। এই ঘটনার জন্য দূতাবাস এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিকট আমরা দুঃখ প্রকাশ করছি এবং এর ক্ষতিপূরণ দিতে আমরা প্রস্তুত।”
দূতাবাসের গাড়িতে হামলায় গাড়ির চালক ‘সামান্য’ আহত এবং গাড়িটির ক্ষয়ক্ষতি হয় বলে জামায়াতের বিবৃতিতে বলা হয়।
যুক্তরাষ্ট্র সরকার বরাবরই জামায়াতে ইসলামীকে একটি উদার ইসলামী দল হিসাবে বিবেচনা করে থাকে, যদিও তাদের এই অবস্থান নিয়ে আপত্তি জানিয়ে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।
যুক্তরাষ্ট্রে কার্যরত আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের জন্য তদবিরও চালিয়ে আসছে।
গত নভেম্বরের শুরুতে দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীসহ সারাদেশে পুলিশের ওপর চড়াও হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উদ্বেগ প্রকাশ করেছিলেন।
পাশাপাশি সমস্যা থেকে উত্তরণে তিনি সরকারকে সংলাপে বসারও আহ্বান জানান, যা সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার হরতাল কর্মসূচি দেয় দলটি। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়ি ভাঙচুরের ঘটনায় দুঃখপ্রকাশ করলেও হরতাল চলাকালে সারাদেশে বিক্ষিপ্ত ভাঙচুর ও হামলার ঘটনার দায় নিয়ে দলটির পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জামায়াতের একাধিক নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল এসব ঘটনার দায় নিয়ে তারা কোনো বিবৃতি দেবেন কি না। তবে তাদের কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
হামলার ঘটনায় মামলা
এদিকে যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে পাঁচ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন।
হাবিলদার সিদ্দিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয়ের আরো ১০/১৫ জনকে আসামি হিসাবে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর/এএল/এইচএএইচ/এলএইচ/কেটি/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24