২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস পোড়ানোর পর ১০ জামায়াতকর্মীকে পিটুনি

রাজধানীর মিরপুরে গাড়ি ও দোকানে ভাঙচুরের সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অন্তত ১০ জনকে বেদম পিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে গাড়ি ও দোকানে ভাঙচুরের সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অন্তত ১০ জনকে বেদম পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে ওই ঘটনার পর পুলিশ আহত ১০ জনসহ জামায়াত-শিবিরের ১২ জনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহসম্পাদক এহেছান লেনিন ঘটনাস্থল থেকে জানান, শতাধিক জামায়াত কর্মী বেলা ৩টার দিকে মিরপুরের কালশী এলাকা থেকে লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। পূরবী সিনেমা হলের সামনে পৌঁছে তারা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি তারা রাস্তার পাশে থাকা বেশ কিছু দোকানেও ভাঙচুর চালায়। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে এগোনোর সময় তাদের মিছিল থেকে ইট নিক্ষেপ করতেও দেখা যায়। মিছিলকারীরা ১১ নম্বর বনলতা রেস্তোরাঁর সামনে পৌঁছালে স্থানীয় জনতা ও হরতাল বিরোধীরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে কয়েকটি হাতবোমায় বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে জামায়াত কর্মীরা। এ সময় জামায়াত-শিবিরের কয়েকজনকে আটক করে পিটুনি দেয় হরতাল বিরোধী ও সাধারণ জনগণ। পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াজুল বাশার জানিয়েছেন। পল্লবী থানার ওসি আব্দুল লতিফ শেখ সাংবাদিকদের বলেন, পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়ার পর পালানোর সময় স্থানীয় জনগণ ও শ্রমিকদের পিটুনির শিকার হন ওই ১০ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরসহ মোট ১২ জনকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। এরা হলেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী আবু জাফর, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটি’র দ্বিতীয় য় বর্ষের শিক্ষার্থী মঞ্জুরুল হক (১৯), হাসানুজ্জামান (২৫), ইউনুস সুমন (২৪), দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম, আহসান কবীর, মো. কাইউম, মারুফত আলী ও মিটোন। এদের মধ্যে আবু জাফর, মঞ্জুরুল হক এবং ইউনুস সুমন জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। ইউনুস সুমন দাবি করেছেন, তিনি দৈনিক দিনকালের নোয়াখালী প্রতিনিধি। তবে কী কারণে তিনি মিরপুর এসেছেন এর কোনো সদুত্তর দিতে পারেননি। পুলিশের মিরপুর অঞ্চলের ডিসি ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, “বেলা ৩টার দিকে ৩০/৪০ জনের একটি মিছিল থেকে মিরপুর ১১ নম্বরে ট্রাক স্ট্যান্ডে হামলা চালানো হয়। পরে পল্লবী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি পেট্রোল দল ঘটনাস্থলে পৌছায়।” এ সময় স্থানীয় জনগণ, ট্রাক শ্রমিকদের সহায়তায় প্রতিরোধ গড়ে তোলে। হামলাকারীরা পাশের একটি নির্মাণাধীন ভবনে আত্মগোপনের চেষ্টা করলে জনগণ তাদের আটক করে পুলিশে দিয়েছে বলেও জানান ইমতিয়াজ। পল্লবী থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, “এ ঘটনায় একজন ট্রাক শ্রমিক আহত হয়েছেন। ট্রাক শ্রমিকদের পক্ষ থেকে একটি মামলা করা হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেটি/এসআই/এএইচএ/এএল/১৬৩৪ ঘ.