২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের গাফিলতি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের ওপর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের হামলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী প্রশাসনের ব্যর্থতা দেখতে পেলেও তার সঙ্গে একমত নন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 07:03 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কর্মীদের হামলার ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী প্রশাসনের ব্যর্থতা দেখতে পেলেও তার সঙ্গে একমত নন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “আমি মনে করি, পুলিশ বা নিরাপত্তাবাহিনী পূর্ণাঙ্গভাবে নির্দেশমত দায়িত্ব পালন করেছে। কোনো অপূর্ণাঙ্গতা ছিল না।” “তারা সহনশীলতার পরিচয় দিয়েছেন, ধৈর্য্যরে পরিচয় দিয়েছেন, নিয়মানুবর্তিতার পরিচয় দিয়েছেন”, বলেন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহার করে শীর্ষ জামায়াত নেতাদের মুক্তির দাবিতে নভেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের হামলার শিকার হয় পুলিশ। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সোমবার সাংবাদিকদের বলেন, “এখানে পুলিশ প্রশাসনের ব্যর্থতা আছে। তাদের আগে থেকেই ইনফরমেশন দেয়ার পরও ব্যবস্থা নিতে পারেনি”। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ ক্ষমতাসীদন দলের অনেক প্রভাবশালী নেতাও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাম্প্রতিক সময়ে। একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ শীর্ষ আট নেতার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে কয়েকটি মামলার শুনানি শেষ পর্যায়ে রয়েছে। শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সোমবার বায়তুল মোকামরম মসজিদের উত্তর গেটে সমাবেশের ঘোষণা দেয় জামায়াত। কিন্তু সমাবেশ করার অনুমতি না পেয়ে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে একাত্তরে স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী দলটি। এই হরতালকে ‘দায়িত্বজ্ঞানহীন’ কর্মসূচি মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে তারা হরতাল পালন করতে পারবে না। “মানবতাবিরোধী কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের দমন করতে নিরাপত্তাবাহিনীকে দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি”, বলেন মন্ত্রী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের আমন্ত্রণে মহীউদ্দীন খান পাঁচ দিনের এই সফরে যাচ্ছেন। এ সময় নিরাপত্তা, সীমান্ত-ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সীমান্তে অবকাঠামো উন্নয়নে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্ধারিত কোনো সূচি নিয়ে ভারত যাচ্ছি না। তবে দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে সব ধরনের আলোচনাই হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচএ/এএইচ/১২৫৫ ঘ.