২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন ঘিরে ছাত্র ও যুবলীগের মিছিল

মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন নেতারাসহ আটক সব নেতাকর্মীর মুক্তির দাবিতে এই কর্মসূচির ডাক দিয়েছিল জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 10:42 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী তাদের ঘোষিত সমাবেশ কর্মসূচি থেকে সরে এলেও পল্টন, মতিঝিল ও বায়তুল মোকাররম সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে মিছিল করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে সোমবার বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। তবে সরকার তাদের অনুমতি না দেয়ায় এবং সকাল থেকে ওই এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় সমাবেশ না করার ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। এর আগে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় দলটি। জামায়াতের এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই প্রেসক্লাব, পল্টন ও মতিঝিল এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন দেখা যায়। জামায়াত নেতাকর্মীদের সেখানে দেখা না গেলেও দুপুর আড়াইটা থেকে খণ্ড খণ্ড মিছিল শুরু করেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। জনতা ও অগ্রণী ব্যাংকের কর্মচারী ইউনিয়নের সদস্যরাও মতিঝিলে মিছিল বের করেন। যুদ্ধাপরাধের বিচার দ্রুত করার দাবি জানান তারা। মিছিল হয় শান্তিনগর ও মালিবাগেও। তবে এসব এলাকায় জামায়াতে ইসলামী বা তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের কোনো তৎপরতা দেখা যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল তালুকদার জানান। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান দুপুরে এক বিবৃতিতে হরতালের ঘোষণা দিয়ে বলেন, “আমরা আশা করেছিলাম সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি প্রদান করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাবেশের অনুমতি তো দেয়াই হয়নি, উপরন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর মিডিয়ার সামনে অত্যন্ত কড়া ও রূঢ় ভাষায় বলেছেন, ঢাকাসহ দেশের কোথাও জামায়াতে ইসলামীকে সমাবেশ ও মিছিল করতে দেয়া হবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এফএস/এএইচ/১৬৪০ ঘ.