রংপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিশাল সমাবেশ করে মহাজোট ছাড়ার ঘোষণা দেয়ার কথা জানানোর একদিন বাদেই ভাঙনের মুখে পড়েছে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং তা তার জন্মস্থান রংপুরে।
সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে মতদ্বন্দ্বে রংপুরে রোববার জাতীয় পার্টি ভেঙে একদল নেতাকর্মী নতুন দল ‘তৃণমূল জাতীয় পার্টি’ গঠনের ঘোষণা দিয়েছেন। তবে এরশাদ বলেছেন, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।
এরশাদের এলাকা রংপুরে জাতীয় পার্টির শক্তিশালী অবস্থান রয়েছে। বর্তমানে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের তিনটিই জাতীয় পার্টির দখলে। ১৯৯১ সাল থেকে পরবর্তী নির্বাচনগুলোতে রংপুরে জাতীয় পার্টির আধিপত্য দেখা যায়।
নতুন সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান রাঙ্গাকে সমর্থন দেন এরশাদ, যদিও এর আগে দলের পক্ষ থেকে কোনো প্রার্থীকেই সমর্থন না দেয়ার কথা বলা হয়েছিল।
এরশাদ ‘কথা না রাখায়’ সকালে রংপুর টাউন হলে আয়োজিত এক কর্মী সমাবেশ থেকে নতুন দলের ঘোষণা দেয়া হয়। এ সময় জাতীয় পার্টির রংপুর জেলা ও নগরের বিভিন্ন নেতা এবং রংপুর সিটি করপোরেশনের ২৬টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পদত্যাগ করেছে বলে জানানো হয়।
প্রায় দুই হাজার নেতাকর্মী পদত্যাগ করার কথাও জানান বিদ্রোহী নেতারা।
‘তৃণমূল জাতীয় পার্টি’র জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্টির চেয়ারম্যান এরশাদ একক সিদ্ধান্তে রাঙ্গাকে সমর্থন দিয়ে দলীয় নেতাকর্মীর মতামত উপেক্ষা করেছেন।”
“তিনি কথা দিয়ে কথা না রাখায় আমরা গণপদত্যাগ করছি এবং তৃণমূল জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেছি।”
আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে রাঙ্গাকে দলীয় সমর্থন দেয়ায় কয়েকদিন ধরে বিক্ষুব্ধ ছিল একদল নেতাকর্মী, রোববার তারই প্রকাশ ঘটে।
মশিউর ছাড়াও এ নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে গণসংযোগ চালাচ্ছেন জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুর রউফ মানিক ও সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব মোস্তাফিজার রহমান মোস্তফা।
মেয়র নির্বাচনে দলীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ায় এরশাদ এর আগে এই নির্বাচনে কাউকে সমর্থন না দেয়ার দু’দফা ঘোষণা দেন এবং দলের জেলা ও মহানগর কমিটিও ভেঙে দেন।
গত ৫ নভেম্বর মেয়র পদে রাঙ্গাকে সমর্থন দেয়ার এবং রংপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব দেয়ার প্রতিবাদে অন্য নেতারা সংবাদ সম্মেলন করে ১০ নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহার না করলে গণপদত্যাগের হুমকি দেন।
রোববার রংপুর টাউন হলে ‘তৃণমূল জাতীয় পার্টি’র রংপুর জেলা ও মহানগর কমিটিও ঘোষণা করা হয়েছে।
মোস্তাফিজার রহমান মোস্তফাকে আহ্বায়ক ও জাহিদ হোসেন লুসিডকে সদস্য সচিব করে জেলা কমিটি গঠন করা হয়েছে। রউফ মানিককে আহ্বায়ক ও সাবেক মহানগর কমিটির সদস্য সচিব এসএম ইয়াসিরকে সদস্য সচিব করে মহানগর কমিটি হয়েছে।
আগামী ১৬ নভেম্বর মধ্যে জাপা থেকে আরো নেতাকর্মী পদত্যাগ করবে বলে কর্মী সমাবেশে জানান তৃণমূল নেতারা।
এ সমাবেশ উপলক্ষে টাউন হল চত্বরে প্রায় তিন হাজার নেতাকর্মী সমবেত হয়। মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
দলে ভাঙনের প্রতিক্রিয়া জানতে চাইলে এরশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টাইম উইল সে। সব ঠিক হয়ে যাবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/এমআই/২৩৫৪ ঘ.
bdnews24