২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও যশোরে ১৩ জামায়াত-শিবির নেতাকর্মী আটক

চট্টগ্রাম ও যশোরে ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে যশোরে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

চট্টগ্রাম/যশোর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও যশোরে ১৩ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে যশোরে গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে। চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, নাশকতার আশঙ্কায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বায়েজিত থানাধীন অক্সিজেন এলাকা থেকে জামায়াত শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়। শিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টারের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বায়েজিত থানার ওসি সাইরুল ইসলাম। তিনি বলেন, এদের মধ্যে তিন জনকে ওয়াহিদুল ইসলাম (২৩), মো. কায়সার (৩০), সাখাওয়াত হোসেন (২৬) নামে তিন কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে যশোর প্রতিনিধি জানিয়েছেন, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরে ঝটিকা মিছিল থেকে ছয় শিবির কর্মীকে এবং দুপুরে কেশবপুর উপজেলা থেকে চার জামায়াত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। গ্রেপ্তাররা হলো- যশোর শহরের মুড়লি এলাকার মামুনুর রহমান, মণিরামপুরের রসুলপুর গ্রামের আবু বক্কার, ঝিকরগাছার বড় কোদালিয়া গ্রামের নঈম হাসান, ঝিনাইদহের অশ্বহাটি গ্রামের মিজানুর রহমান, মহেশপুরের নাটুয়া গ্রামের নাসির আহমেদ ও চুয়াডাঙ্গা জেলা শহরের মিরাজুল আরেফিন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে চৌরাস্তা মোড়ের ইসলামী ব্যাংকের সামনে থেকে রেল রোডের দিকে শিবিরের একটি ঝটিকা মিছিল বের হয়। খবর পেয়ে পুলিশ রেল রোড সোনালী ব্যাংকের সামনে থেকে মিছিলে থাকা ছয় জনকে আটক করে। প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল বের করায় এবং নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। অপরদিকে, দুপুরে জেলার কেশবপুর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই ইউনিয়ন সভাপতিসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কেশবপুর থানার ওসি আব্দুল জলিল। এরা হলেন, জামায়াতের সুফলাকাটি ইউনিয়ন শাখার সভাপতি আবুল কাশেম মাস্টার (৪৮), মঙ্গলকোট ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আহাদ (৪২), জামায়াত নেতা আব্দুল মালেক ও কর্মী মঈনুল ইসলাম (২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এএল/০০০৬ ঘ.