কক্সাবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের নেতা খালেদা জিয়া শনিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত ঘেষে নির্মাণাধীন ‘ম্যারিন ড্রাইভ’ সড়কপথ ঘুরে দেখেন।
তিনি এই সড়কটি দেখতে রাত সাড়ে ১০ টায় সার্কিট হাউজ থেকে বের হন।
বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়া কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে টেকনাফ পর্যন্ত এই সড়কপথ ‘মেরিন ড্রাইভ’ প্রকল্প অনুমোদন দেন।
কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ১০০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও বসতি সরেজমিনে পরিদর্শন শেষে সন্ধ্যায় কক্সাবাজার পৌঁছান বিরোধী দলীয় নেতা। সার্কিট হাউজে তিনি অবস্থান করছেন। নৈশভোজ শেষে তিনি সমুদ্র মেরিন ড্রাইভ দেখতে বের হন।
এ সময়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু,
সালাহউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, সাংসদ লুৎফর রহমান কাজলসহ জ্যেষ্ঠ নেতারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩২১ ঘ.
bdnews24