২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুর সমাবেশস্থলে মিলনায়তনের ছাউনি ভেঙ্গে আহত ৪০

কক্সবাজারের রামুতে বিএনপির সম্প্রীতি সমাবেশ স্থলের পাশের একটি স্কুলের মিলনায়তনের টিনের ছাউনি ভেঙ্গে পড়ে ৪০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

কক্সবাজার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বিএনপির সম্প্রীতি সমাবেশ স্থলের পাশের একটি স্কুলের মিলনায়তনের টিনের ছাউনি ভেঙ্গে পড়ে ৪০ জন আহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ২টার দিকে রামুর খিজারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে জড়ো হওয়া দর্শকরা এ দুর্ঘটনায় আহত হন বলে পুলিশ জানায়। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সমাবেশ স্থলে পৌঁছার আগেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি সাংসদ লুৎফর রহমান কাজল এর ব্যক্তিগত সহকারী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের মধ্যে দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৩১ জনকে কক্সবাজার সদর হাসপাতালে এবং ৭ জনকে রামু সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা জানান, রামুতে ছাউনি ধসের ঘটনায় ৩১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- এনতাজুল হক (২২), শহিদুল্লাহ (১৪), সাইফুল (১৩), আবদুল মান্নান (১৪), নজিবুল আলম (১৮), নাহিয়ান (১৪), আলমগীর (১৭), নুরুল আবছার (১৬), ফোরকান (১৩), জসীম (২২), নজির গোলাম (২৩), খোরশেদ (১৭), মাহেদুল্লা (১৮), লেদু মিয়া (২৫), মোহাম্মদ রাশেদ (১৯), মো. বেলাল (১৮), আলমগীর (১৫), খালেকুর রহমান (১৭), আজিজুর রহমান (২১), আবদুল মান্নান ((১৮), শাহাব উদ্দিন (১৭), মাইনুর রশিদ (২২), মোহাম্মদ উল্লাহ (১৭), রাশেদ (১৪), আবছার মিয়া (২৫), মনজুর আলম (২৭), নুরুল আমিন (২৩), মনসুর আলম (২৬), শামসুল আলম (২২), মো. আমিন (১৭), হুমায়ুন (১৮)। আহতরা জানান, সম্প্রীতি সমাবেশে আসা লোকজন পাশের বিভিন্ন ভবনের ছাদে ও স্কুলের মিলনায়তনের ছাউনিতে উঠে অপেক্ষা করছিল। মিলনায়তনের টিনের ছাউনি ভেঙে পড়ার সময় এতে কয়েকশ’ মানুষ অবস্থান করছিল। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে ব্যাপক তাণ্ডব চালায় উগ্রপন্থীরা। এর প্রায় দেড় মাসের মাথায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘটনাস্থল পরিদর্শনে গেলেন। তার সফর উপলক্ষে রামুতে এই সম্প্রতি সমাবেশের আয়োজন করে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২২৮ ঘ.