বগুড়া, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
শনিবার দুপুরে গোলচত্বর এলকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে অর্ধশত মোটরসাইকেল ভাংচুর করা হয়।
নন্দীগ্রাম থানার এসআই রবীন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের দুইপক্ষ সংঘর্ষে জড়ালে ১০/১২ জন আহত হয়। এ সময় বেশ কিছু মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে।
পুলিশ উভয়পক্ষকে শান্ত করে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসআই।
ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন কয়েকজন যুবলীগ কর্মী।
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্না বলেন, সারাদেশে জামায়াতের সহিংসতার প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠন নন্দীগ্রামে বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কর্মীরা মিছিলের প্রস্তুতি নিলে যুবলীগের সাধারণ সম্পাদক তপন কুমার দুলালের নেতৃত্বে একটি দল ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
‘হামলায় আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন, ছিদ্দিকুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা বেনজির আহম্মেদ, নাইনসহ ১০জন নেতাকর্মীকে আহত হয়।’
হামলাকারীরা ৫০টির মত মোটরসাইকেল ভাংচুর করে বলেও অভিযোগ করেন জিন্না।
আওয়ামী লীগের উপজেলা আহ্বায়ক জাহিদুর রহমান জাহিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের একটি মিছিল উপজেলা পরিষদের সামনে এলে পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জিন্নার নেতৃত্বে বহিরাগতরা হামলা চালায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১২৯ ঘ.
bdnews24