লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক
ঢাকায় সাংবাদিকতার শুরুতে স্বৈরাচার পতন আন্দোলনের অনেক নির্মম ঘটনার সাক্ষী এই আমি। ’৮৭-র ১০ নভেম্বর দেখেছিলাম কৃষ্ণ বর্ণের নূর হোসেনের রক্তে ভেজা শরীর। খুব কাছ থেকে দেখা দুই যুগ আগের সেই স্মৃতি আজো আমাকে তাড়িয়ে বেড়ায়।
বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক- স্বৈরাচার নিপাত যাক’ লেখা নূর হোসেনকে আগে থেকে না চিনলেও সেদিন খুব কাছ থেকে দেখেছিলাম।
তবে আমি যে ওই ঘটনা দেখেছি তার কোনো সাক্ষী নেই আজ। না থাকুক, আমার দুই চোখ ও মানসপটে গেঁথে থাকা স্মৃতিই আমার সাক্ষী। সেদিনের ঘটনার সময় আমার সঙ্গে যে দু’জন ছিলেন, তারা আজ আমাদের মাঝে নেই। ওই দু’জনের একজন আমার বন্ধু গোপাল আর একজন দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক মিজানুর রহমান মিজান।
১৯৮৭ সালে গোপাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। ঢাকার শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে নিজ জেলা দিনাজপুর ফিরে যাওয়ার কয়েক দিনের মধ্যেই সে মারা যায়।
আর মিজানুর রহমান, মিজান এরশাদবিরোধী আন্দোলন শেষে আমেরিকা চলে যায়। সেখানে উগ্র কৃষাঙ্গদের হাতে তাকে প্রাণ দিতে হয়, যে সংবাদ পত্রিকায়ও প্রকাশিত হয়েছে।
এই দুইজনের কথা উল্লেখ করছি, কারণ ২৪ বছর আগে ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনকালে ঢাকা অবরোধের সময় আমরা তিনজনই গুলিবিদ্ধ নূর হোসেনকে খুব কাছ থেকে দেখেছি।
এরশাদবিরোধী আন্দোলন চলছে, সারা ঢাকা শহর উত্তাল। তখন ঢাকায় কোনো পত্রিকায় নিয়মিত কাজ করতাম না। তবে চাকরির সন্ধানে কয়েকটি পত্রিকার কার্যালয়ে নিয়মিত যাতায়াত করতাম। দৈনিক ইত্তেফাকে আবেদ ভাইয়ের (আবেদ খান) কাছে আমার নিয়মিত যাতায়াত ছিল। জাতীয় প্রেসক্লাবে প্রায় প্রতিদিনই যাওয়া হতো। অনেকের মধ্যে ফটো সাংবাদিক মিজানের সঙ্গেও পরিচয় হয়েছিল।
সেসময় ঢাকার রাজপথে প্রায় প্রতিদিন মিছিল-সমাবেশ ও সংঘর্ষ চলতো, বন্ধু গোপাল প্রায় সময়ই আমার সঙ্গে থাকতো।
১০ নভেম্বর, নূর হোসেন যেদিন শহীদ হন, সেদিনও গোপাল পাশে ছিল আমার। দুই জন মিলে মুক্তাঙ্গন ও জিপিও প্রধান ফটকের মাঝামাঝি ফুটপাথের রাস্তা দিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে হেঁটে যাচ্ছিলাম।
গাড়িতে থাকা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাজারো মানুষের মিছিল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ অফিসের দিকে যাচ্ছে। মিছিলের ভিড়ে হারিয়ে যাওয়ার ভয়ে গোপাল আর আমি হাত ধরাধরি করে মিছিলের সঙ্গেই হেঁটে যাচ্ছিলাম।
হঠাৎ দূর থেকে লক্ষ্য করি শেখ হাসিনার গাড়ির প্রায় সামনে দিয়ে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লেখা এক যুবক প্রায় দৌড়ে দৌড়ে যাচ্ছে। এখন যেটা নূর হোসেন স্কয়ার (আগের জিরো পয়েন্ট), তার মোড়ে শেখ হাসিনার গাড়ি পৌঁছামাত্রই কোথা থেকে যেন বিরামহীন টিয়ার শেল এসে পড়তে থাকল। আমরা কেউ কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকটা গুলিরও শব্দ হলো। কোথা থেকে টিয়ার গ্যাসের শেল বা গুলি আসছিল তা সেসময় বুঝে উঠতে পারিনি।
যে যার মতো দিগি¦দিক দৌড়াতে থাকি গুলির শব্দে। এখনো স্পষ্ট মনে পড়ে, শেখ হাসিনাকে বহনকারী গাড়িটির গতি বেড়ে গেলো এবং একটু এগিয়ে বাঁ দিকে মোড় নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনের দিকে গেল সেটি। বুকে-পিঠে স্লোগান লেখা ওই যুবকটিও আওয়ামী লীগ অফিসের দিকে মোড় নিয়ে হারিয়ে গিয়েছিল নিমিষেই।
আমি আর গোপাল টিয়ার গ্যাস থেকে রক্ষার জন্য প্রায় চোখ বন্ধ করে আওয়ামী লীগ অফিসের সামনে এসে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকলাম। কিন্তু সেখানেও পুরো এলাকা গ্যাসের ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল।
চোখের জালাপোড়ার কারণে আমরা পানি খুঁজছিলাম। সেসময় আওয়ামী লীগ অফিসের পশ্চিম দেয়াল ঘেষে পেছনে কিছু অস্থায়ী টিনের বেড়ার হোটেল ছিল। আমরা সেখানে গিয়ে দেখি আমাদের মতো অনেকের একই অবস্থা। কেউ কেউ কাগজে ধরিয়ে চোখের জালাপোড়া থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে।
কিছু না পেয়ে আমি আর গোপাল এক পর্যায়ে ওই হোটেলগুলোর চা বানানোর ট্রে থেকে ময়লা পানি নিয়ে চোখে মুখে দিলাম।
পরে আওয়ামী লীগ অফিসের সামনে এসে সভানেত্রীর গাড়ি বা অন্য কোনো গাড়ি দেখলাম না। একটু পরেই লক্ষ্য করলাম, গোলাপশাহ মাজারের দিক দিয়ে ঘুরে পীর ইয়েমেনী মার্কেটের সামনে দিয়ে ওই সব গাড়িগুলো চলে যাচ্ছে। বুঝলাম, গাড়িগুলো ঘুরে একই পথে ফিরে গেছে।
কিছুক্ষণ পর পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আওয়ামী লীগ অফিসের ভেতরে এবং আশে পাশের গলিতে যারা লুকিয়ে ছিলেন তারা বের হতে থাকেন।
তখনো আমরা আওয়ামী লীগ অফিসের সামনে ঘোরাঘুরি করছি। এসময় হঠাৎ পূর্ব-দক্ষিণ হকি স্টেডিয়ামের দিকে হৈচৈ শুনতে পেয়ে সবার মতো আমরাও ওদিকে ছুটলাম। কিন্তু মূল রাস্তায় না ওঠে আমরা উঁকি দিয়ে দেখি দুই জনকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে আওয়ামী লীগ অফিসের দিকে নিয়ে আসছে কয়েকজন।
এই দুই জনের একজন ছিলেন নূর হোসেন, যার বুকে-পিঠে লেখা ছিল অমর স্লোগান ‘স্বৈরাচার নিপাত যাক- গণতন্ত্র মুক্তি পাক’। অপরজন ছিলেন যুবলীগ নেতা বাবুল (নুরুল হুদা বাবুল)।
এই দুজনের মধ্যে কার কোথায় গুলি লেগেছে তা বুঝতে না পারলেও বাবুলকে যে আওয়ামী লীগ অফিসের দিকে নেয়া হয়েছিল তা ঠিক মনে আছে আমার। আর নূর হোসেনকে হাসপাতালে নেয়ার জন্য গাড়ি খোঁজা হচ্ছিল।
কিন্তু কোনো যানবাহন পাওয়া যাচ্ছিল না। তাকে কাছাকাছি দেখে মনে হলো, দেহে প্রাণ আছে এবং চোখ নড়ছে। ফটো সাংবাদিক মিজান ভাই তখন রক্তাক্ত নূর হোসেনের ছবি তোলায় ব্যস্ত।
এরই মধ্যে কয়েকজনকে দেখলাম আওয়ামী লীগ অফিসের সামনে রমনা ভবনের পূর্ব দিকের গলিতে একটি পেট্রোল পাম্প গলিতে ঢুকে কিছু একটা করছে। আমি একাই গেলাম সেখানে। গলিতে গিয়ে দেখি কয়েকজন যুবক শেকল দিয়ে সারিবদ্ধভাবে আটকে রাখা অনেকগুলো রিকশা থেকে একটি বের করার চেষ্টা করছে। কেউ কেউ শেকল ভাঙার চেষ্টাও করছে। আমিও সেখানে গিয়ে তাদের কাজে কিছুটা সহায়তা করি।
কয়েক মিনিটের মধ্যে একটি রিকশা বের করে এনে দুই জনের কোলে গুলিবিদ্ধ নূর হোসেনকে তুলে দেয়া হলো। আমার খুব স্পষ্ট মনে আছে মিজান ভাই একটি ছবি তুলতে গিয়ে আমি সামনে পড়ায় আমাকে একপ্রকার ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলেন।
এর কিছুক্ষণ পরই একটি রিকশায় করে গুলিবিদ্ধ নূর হোসেনকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।
এরপর দেখলাম আওয়ামী লীগ অফিসের রাস্তা বাদে পূর্ব-পশ্চিম দুই দিকের রাস্তায় আইন-শৃঙ্খলা-বাহিনীর গাড়ি টহল দিচ্ছে। এরই মধ্যে নূর হোসেনকে রিকশায় উঠিয়ে পশ্চিম দিক দিয়ে বের হওয়ার সময় আমি, গোপাল ও মিজান ভাই পেছন পেছন যাই। কিন্তু গলির মাথায় গিয়ে আর বের হওয়ার উপায় ছিল না। আইন-শৃঙ্খলা বাহিনীরা সদস্যরা টহল দিচ্ছে, রাস্তা ফাঁকা।
দেখলাম রিকশাটি গোলাপ শাহ মাজারের কাছাকাছি পৌঁছাতেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা আটকে দেয়। মিজান ভাই গলির মাথা থেকেই নিজেকে নিরাপদে রেখে ক্যামেরা বাড়িয়ে কিছু ছবি তুললেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রিকশাটিকে টেনে উত্তর দিকে মুখ করে রাখা ত্রিপল দিয়ে ঢাকা একটি গাড়ির পেছনে নিয়ে যায়। তারপর নূর হোসেনের হাত-পায়ের দিকে ধরে চালের বস্তার মতো সেই গাড়ির মধ্যে ছুড়ে ফেলে দেয়। ক্যামেরার আওতায় না থাকার কারণে মিজান ভাই সেই দৃশ্যটি ফ্রেমবন্দি করতে পারেননি। এজন্য পরে তাকে খুব কষ্ট পেতে দেখেছি।
ত্রিপলে ঢাকা সেই ট্রাকটি পরে পীর ইয়েমেনী মার্কেটের সামনে দিয়ে দ্রুত চলে যায়। তবে নূর হোসেনকে যারা রিকশায় করে নিয়ে গিয়েছিলেন তাদের পরিণতি জানতে পারিনি।
bdnews24