ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই এ বিচারের রায় কার্যকর করা হবে।
শনিবার গণভবনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে দলের সভানেত্রী শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার চলছে, বিচার চলবে। ইনশাল্লাহ এই বিচারের রায়ও আমরা কার্যকর করতে পারব।”
প্রধানমন্ত্রীর বক্তৃতার বিভিন্ন পর্যায়ে যুদ্ধাপরাধীদের বিচার ও তা প্রতিহত করতে ষড়যন্ত্র চলার কথা ফিরে ফিরে আসে।
তিনি বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে বিজয়ের পর দেশে ফিরে যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করলেও তার মৃত্যুর পর জিয়াউর রহমান বিচারকাজ বন্ধ করে দেন এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে আনেন।
“আমরা এবার ক্ষমতায় এসে যুদ্ধপরাধীদের বিচার আবার শুরু করেছি। তারা (বিএনপি) যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা ষড়যন্ত্র করছে”, বলেন আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, “ইনশাআল্লাহ যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং এই বাংলাদেশেই বিচারের রায় কার্যকর হবে। জনগণ এই বিচার চায়।”
নিম্ন আদালতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ঘোষণার দিন বিএনপির হরতাল ডাকার কথাও অনুষ্ঠানের সবাইকে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে দেশ যেন ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসের দেশে’ পরিণত হয়েছিল। আর ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ’ নির্মূল করাই বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য বলে উল্লেখ করেন তিনি।
জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে চাকরি দিয়েছিলেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমাদের দেশের কূটনীতিকদের যোগ্যতা কী? তারা জাতির পিতার হত্যাকারী।”
বর্তমানে বিরোধী দলে থাকা বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে শেখ হাসিনা বলেন,“এই বিরোধী দল যখন ক্ষমতায় ছিল, তখন তারা খুনীদের মদদ দিয়েছে। তারা সন্ত্রাসীদের লালন করেছে। বিদেশে টাকা পাচার করেছে। মানিলন্ডারিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে দোষী সাব্যস্ত হয়েছে।”
গত কয়েকদিনে সারা দেশে পুলিশের ওপর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হামলার বিষয়ে ইংগিত করে প্রধানমন্ত্রী ‘যে কোনো পরিস্থিতি’ মোকাবেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাদের ভোট দিয়েছিল, তা ধরে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। জনগণও তার সুফল পাচ্ছে।”
বর্তমান সরকারের সময়ে পাঁচ কোটি মানুষ নিম্ন বিত্তের পর্যায় থেকে মধ্যবিত্তের কাতারে উঠে এসেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “আন্তর্জাতিক জরিপে দেখা গেছে বাংলাদেশের মানুষ অনেক সুখে আছে।”
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও কাজী জাফর উল্যাহ, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৪৫৭ ঘ.
bdnews24