চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ পল্লী পরিদর্শনে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রামুর পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার সকাল ১১টার দিকে খালেদা জিয়ার গাড়িবহর চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে যাত্রা শুরু করে। একই গাড়িতে তার সঙ্গে রয়েছেন দলের সহসভাপতি সেলিমা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জ্যেষ্ঠ নেতারা এই সফরে বিরোধী দলীয় নেতার সঙ্গে রয়েছেন।
কোরআনের অবমাননার অভিযোগে গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে ব্যাপক তাণ্ডব চালায় উগ্রপন্থীরা। ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রামু সফর করেন।
রামু যাওয়ার পথে বেলা ১২টায় কক্সবাজারের চকোরিয়ায় একটি পথসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। বিকালে রামু পৌঁছে তিনি ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও ঘরবাড়ি পরিদর্শন করবেন। এছাড়া রামুতে একটি সম্প্রীতি সমাবেশেও তার বক্তব্য রাখার কথা রয়েছে।
কক্সবাজার সার্কিট হাউজে রাত কাটিয়ে রোববার সকালে উখিয়ার ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির ও বিহার পরিদর্শন করবেন বিরোধী দলীয় নেতা।
ওই হামলার ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের নেতৃত্বে একটি ‘তদন্ত কমিটি’ গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে ওই কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয় ওই হামলা ঠেকাতে সরকারের পরোক্ষ ইন্ধন ছিল।
এদিকে শুক্রবার রাতে ঢাকা থেকে চট্টগ্রাম আসার পথে ফেনী সার্কিট হাউজে ঘণ্টাখানেক যাত্রাবিরতি করেন খালেদা জিয়া। তিনি সেখান থেকে বের হওয়ার পরপরই সার্কিট হাউজের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়, যাতে আহত হন পুলিশ সদস্যসহ পাঁচজন।
পুলিশ বলছে, স্থানীয় বিএনপির অন্তর্কোন্দল থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিএনপির অভিযোগ, এটা বিরোধী দলের বিরুদ্ধে সরকারের ষড়যন্ত্রের অংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২০২ ঘ.
bdnews24