২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হামলা মাঠে নির্দেশনা আসে ‘গুচ্ছ এসএমএসে’

পুলিশ বলছে, হামলার সময় ও নির্দেশনা দিয়ে ওইসব ‘গুচ্ছ এসএমএস’ পাঠানো হয়েছিল। সে অনুযায়ী পুলিশের উপর হামলা চালায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। জানাচ্ছেন কামাল হোসেন তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 12:26 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘গুচ্ছ এসএমএসের’ মাধ্যমে দ্রুত নির্দেশনা আর ছোট ছোট দলে বিভক্ত হয়ে হামলা করার কারণে জামায়াত-শিবিরের সাম্প্রতিক কর্মসূচিতে ‘নাকাল’ হতে হয় পুলিশ সদস্যদের। পুলিশ বলছে, হামলার সময় ও নির্দেশনা দিয়ে ওইসব ‘গুচ্ছ এসএমএস’ পাঠানো হয়েছিল। সে অনুযায়ী পুলিশের উপর আক্রমণ করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। গত সোমবার বিকালে মতিঝিলে পুলিশের সঙ্গে জামায়াত ও শিবিরের সংঘর্ষে অন্তত বাইশ পুলিশ সদস্য আহত হন। মালিবাগে আহত হয় আট জন। রংপুর, গাইবান্ধা, বগুড়া ও বরিশাল, সিলেট, সিরাজগঞ্জ ও চট্টগ্রামেও ওই দুই দিন পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ হয়। এ সময় সারাদেশে আহত হন প্রায় দেড়শতাধিক পুলিশ। স্বল্প সময়ে এতো পুলিশ সদস্য আহত হওয়ার কারণ জানতে চাইলে রমনা বিভাগের পুলিশের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, “জামায়েত-শিবিরকর্মীরা ছদ্মবেশে মতিঝিল অফিস পাড়ায় বিভিন্ন অফিসে অবস্থান করে। পরে তারা সাধারণ জনতার বেশ ধরে পুলিশের উপর হামলা চালায়। পুলিশ তাদের এ পরিকল্পনা বুঝতে পারেনি।” গুচ্ছ এসএমএসের মাধ্যমে মাঠে থাকা নেতাকর্মীদের নির্দেশনা পাঠানো হয়েছিল বলেও জানান তিনি। পুলিশের এই কর্মকর্তা বলেন, “... তবে মোবাইল বার্তায় পাঠানো হামালার পরিকল্পনা আগেভাগে জেনে যাওয়ায় মালিবাগে তেমন একটা সুবিধা করতে পারেনি তারা।” শুধু ‘গুচ্ছ এসএমএসের’ মতো কৌশল নয়, অনেকক্ষেত্রে ‘আতঙ্কিত’ মোটর সাইকেল আরোহীর বেশেও জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঠে থাকা নেতাকর্মীদের নির্দেশনা পৌঁছে দিয়েছে বলেও প্রমাণ পেয়েছে পুলিশ। এরকম কয়েক জনকে গ্রেপ্তারও করা হয়েছে। রমনা জোনের পরিদর্শক (পেট্রোল) মো. শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার মালিবাগে হামলার সময় তিনটি মোটর সাইকেলে করে ছয় যুবক সংঘর্ষের দিকে যাচ্ছিল। কিন্তু একটি মোটর সাইকেলে করে দুজন ওই পথে না গিয়ে ফিরে আসে। মৌচাক মোড়ে তাদেরকে আটক করলে তারা জানান, তারা ঠিকাদার। কিন্তু ওই সময় তাদের একজনের মোবাইলে ফোন এলে অপর প্রান্ত থেকে বলতে শোনা যায়, ‘এখানে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তোমরা যার যার মতো নিরাপধে চলে যাও।’ মূলত ঘটনাস্থল ঘুরে পুলিশের অবস্থান জানাতেই তারা ছদ্মবেশ ধারণ করেছিলেন বলে জানান মো. শহীদ। ঘটনার সময় মালিবাগে একজন জামায়াতকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, আগে থেকেই দলের নেতারা তাদের ছয় সদস্যের আলাদা আলাদা দলে বিভক্ত থাকতে বলেছিলেন, যেখানে একজন থাকবেন নেতৃত্বে। ওই নেতাই প্রতিটি দলের ‘করণীয়’ নির্ধারণ করে দেন। আলাপচারিতায় আনোয়ারুল হক নামে ওই জামায়াতকর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোন স্থানে যদি পাঁচ জন পুলিশ থাকে, সেক্ষেত্রে আমরা পাঁচ জনকেই আক্রমণ না করে একজনকে টার্গেট করবো। তখন আক্রান্ত পুলিশ সদস্যকে বাঁচাতেই বাকিরা ব্যস্ত হয়ে পড়বে।” এ ধরনের হামলায় ভালো ফল পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, অ্যাটাক ইজ দ্য গুড ডিফেন্স। অবশ্য এ ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করেছেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, সোমবার ও মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার জামায়াত-শিবির সদস্য আহত হয় এবং ঢাকায় আটটিসহ সারাদেশে মোট ৭১টি মামলা করা হয় তাদের বিরুদ্ধে। “যেখানে আমাদেরকে পুলিশ একটি মানববন্ধনও করতে দেয়না। সেখানে পরিকল্পনার কথা ভাবাই যায় না।” রমনা বিভাগের উপ-কমিশনার নরুল ইসলাম বলেন, “জামায়াতের কোন কর্মসূচি মানেই পুলিশের উপর হামলা, নৈরাজ্য সৃষ্টি করা। বিগত দিনের ঘটনাগুলো পর্যালোচনা করলেই এটা পরিষ্কার।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৯১৪ ঘ.